পুত্রবধূকে ধর্ষণের দায়ে যাবজ্জীবন
বিয়ের দেড় মাসের মাথায় নাটোরের লালপুর উপজেলায় পুত্রবধূকে ধর্ষণের অপরাধে শ্বশুরকে যাবজ্জীবন সশ্রম কারাদণ্ড দিয়েছেন আদালত। একই সঙ্গে জেলা প্রশাসককে দণ্ডিত ব্যক্তির সম্পদ থেকে ৫০ হাজার টাকা আদায় করে ওই গৃহবধূকে দেওয়ার আদেশ দেওয়া হয়েছে।
গতকাল বৃহস্পতিবার সকালে নাটোরের নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের বিচারক রেজাউল করিম ওই দণ্ডাদেশ দেন। এ সময় আসামি আদালতে উপস্থিত ছিলেন। তাঁকে কারাগারে পাঠানো হয়েছে।
দণ্ডাদেশ পাওয়া ব্যক্তির নাম জামাল হোসেন (৫৫)। তিনি উপজেলার একটি গ্রামের বাসিন্দা। রায় ঘোষণার সময় তিনি নিজেকে নির্দোষ বলে দাবি করেন। তাঁর আইনজীবী এমরান হোসেন বলেন, আসামিপক্ষ উচ্চ আদালতে আপিল করবে।
মামলার সংক্ষিপ্ত বিবরণ সূত্রে জানা যায়, ২০০৭ সালের ২১ মে ওই গৃহবধূ (১৮) বাড়িতে একা ছিলেন। বেলা দেড়টার দিকে শ্বশুর জামাল হোসেন বাড়িতে এসে ঘরে ঢুকে তাঁকে ধর্ষণের চেষ্টা করেন। এ সময় গৃহবধূ কৌশলে বের হয়ে রান্নাঘরে পালিয়ে যান। তখন জামাল হোসেন হাঁসুয়া হাতে রান্নাঘরে ঢুকে হত্যার ভয় দেখিয়ে মুখ বেঁধে তাঁকে ধর্ষণ করেন। এ ঘটনার পরপরই প্রতিবাদ করলে জামাল গৃহবধূর স্বামীকে লাঠিপেটা করেন। এর পাঁচ দিন পর গৃহবধূ বাদী হয়ে থানায় ধর্ষণের মামলা করেন।