পুত্রবধূকে পুড়িয়ে হত্যার অভিযোগ, শাশুড়ি গ্রেপ্তার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

শাশুড়ি মনোয়ারা বেগম পুত্রবধূ পারুল বেগমকে নির্যাতনের পর শরীরে কেরোসিন ঢেলে আগুন লাগিয়ে দগ্ধ করেছেন বলে অভিযোগ পাওয়া গেছে। এর এক দিন পর গতকাল সোমবার হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান ওই বধূ। এ ঘটনায় শাশুড়ি মনোয়ারা বেগমকে পুলিশ গ্রেপ্তার করেছে। ঘটনাটি ঘটেছে বরিশালের গৌরনদী উপজেলার শাহজিরা গ্রামে।পারুলের বাবা শারীরিক প্রতিবন্ধী মোতালেব মুন্সী জানান, এক বছর আগে একই গ্রামের আল-আমিন ফকিরের সঙ্গে পারুলের বিয়ে হয়। ২০ হাজার টাকা যৌতুকের জন্য আল-আমিন ও তাঁর পরিবারের লোকজন পারুলকে প্রায়ই নির্যাতন করতেন। গত রোববার দুপুর সাড়ে ১২টার দিকে শাশুড়ি আবার তাঁকে মারধর করেন। একপর্যায়ে তিনি জ্ঞান হারিয়ে ফেলেন। এ সময় মনোয়ারা বেগম তাঁর শরীরে কেরোসিন ঢেলে আগুন ধরিয়ে দেন। তাঁর চিৎকারে আশপাশের লোকজন এসে তাঁকে উদ্ধার করে বরিশাল শেরেবাংলা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করেন। বিকেলে তাঁকে ঢাকায় পাঠানো হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় গতকাল সকালে তিনি মারা যান।প্রত্যক্ষদর্শী প্রতিবেশী মো. মোশারফ হোসেন বলেন, ‘চিৎকার শুনে আমি ঘটনাস্থলে যাই। যাইয়া দেহি, শাশুড়ি কেরোসিন ঢালতেছে। পরে ম্যাচের কাডি দিয়া আগুন দেয়। এ অবস্থায় আমরা আগুন নিভাইয়া তারে হাসপাতালে পাডাই।’ শাশুড়ি মনোয়ারা বেগম দাবি করেন, ‘পারুল নিজেই নিজের গায়ে আগুন দিছে। ঘটনার সময় আমি বাড়িতে আছিলাম না।’ স্বামী আল-আমিন বলেন, ‘ঘটনার সময় আমি বাড়িতে ছিলাম না। বিভিন্ন কারণে আমাদের মাঝে ঝগড়া-ঝাঁটি লেগেই থাকত।’ তবে যৌতুক চাওয়ার কথা তিনি অস্বীকার করেন।গৌরনদী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা নুরুল ইসলাম বলেন, পারুলের লাশ থানায় আনা হয়েছে। ময়নাতদন্তের জন্য আজ (মঙ্গলবার) শেরেবাংলা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হবে। এ ব্যাপারে মোতালেব মুন্সী বাদী হয়ে পারুলের শাশুড়ি, স্বামীসহ ছয়জনকে আসামি করে হত্যা মামলা করেছেন। শাশুড়ি মনোয়ারা বেগমকে গ্রেপ্তার করা হয়েছে।