কিশোরগঞ্জের ভৈরবে বস্তাবন্দী অবস্থায় আসমা বেগম (৫০) নামের এক নারীর দ্বিখণ্ডিত লাশ উদ্ধার করেছে পুলিশ। গতকাল বুধবার ভোরে পৌর শহরের আমলাপাড়া মহল্লার নিজ বাড়ির শৌচাগার থেকে তাঁর মৃতদেহ উদ্ধার করা হয়।
আসমাকে তাঁর ছেলে জাকির হোসেন ওরফে মিশুর স্ত্রী খুন করেছেন বলে অভিযোগ পাওয়া গেছে। ঘটনার পর থেকে পুত্রবধূ পলাতক। জিজ্ঞাসাবাদের জন্য জাকিরকে আটক করেছে পুলিশ।
নিহতের পরিবারের সদস্য ও পুলিশ সূত্রে জানা গেছে, বেসরকারি উন্নয়ন সংস্থার কর্মী জাকির তিন বছর আগে বিয়ে করেন। বিয়ের পর থেকে পারিবারিক বিষয় নিয়ে শাশুড়ির সঙ্গে পুত্রবধূর সম্পর্ক ভালো যাচ্ছিল না। গত সোমবার দুপুর থেকে আসমা নিখোঁজ হন। জাকির মঙ্গলবার রাত ১১টার দিকে শৌচাগারে গিয়ে বস্তায় মায়ের মৃতদেহ দেখতে পেয়ে প্রতিবেশীদের খবর দেন। ঘটনাটি পুলিশকেও জানানো হয়। পরে পুলিশ তাঁর লাশ উদ্ধার করে।
পুলিশ হেফাজতে থাকা জাকির বলেন, ‘মায়ের সঙ্গে আমার স্ত্রীর সম্পর্ক ভালো ছিল না। নিখোঁজ হওয়ার পর মায়ের কথা জিজ্ঞেস করতেই সে অসংলগ্ন কথা বলছিল। মঙ্গলবার রাতে ঘরের পেছনে স্ত্রীকে গর্ত করতে দেখি। গর্ত করার কারণ জিজ্ঞেস করলে সে আমাকে জানায়, গাছ লাগানোর জন্য গর্ত করা হচ্ছে। কিছুক্ষণ পর স্ত্রী ঘর থেকে বের হয়ে আর ফেরেনি।’
নিহত আসমার ছোট ছেলে তৌকির আহমেদ বলেন, ‘আমাদের ধারণা, ক্ষোভ থেকে মাকে ভাবি খুন করেছেন।’
ভৈরব থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শরাফত উল্লাহ জানান, মোটামুটি নিশ্চিত পুত্রবধূই শাশুড়ি আসমাকে খুন করেছেন। শ্বাসরুদ্ধ করে ও দা দিয়ে কুপিয়ে এ হত্যাকাণ্ড ঘটানো হতে পারে। এ হত্যাকাণ্ডে আরও কয়েকজন জড়িত থাকতে পারে। এ ঘটনায় তৌকির গতকাল স্বপ্নাকে প্রধান আসামি করে থানায় হত্যা মামলা করেছেন।
নারীর লাশ উদ্ধার: নরসিংদী প্রতিনিধি জানান, গতকাল সকালে শিবপুরের দুলালপুর ইউনিয়নের তিতারভিটা এলাকার একটি নির্জন স্থানে অজ্ঞাতপরিচয় এক নারীর (২৬) লাশ দেখতে পায় এলাকাবাসী। পরে তারা পুলিশে খবর দেয়। পুলিশ এসে লাশ উদ্ধার করে।
শিবপুর মডেল থানার ওসি মিজানুর রহমান জানান, নিহতের শরীরের বিভিন্ন স্থানে ধারালো অস্ত্রের আঘাতের চিহ্ন রয়েছে। ময়নাতদন্তের জন্য লাশ নরসিংদী সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।