পুত্রসন্তান না হওয়ায়...

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

পুত্রসন্তান জন্ম দিতে না পারা ও স্বামীর অসামাজিক কাজে বাধা দেওয়ায় লালমনিরহাটের হাতিবান্ধা উপজেলার গোতামারী ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান আবদুল জলিলের নির্যাতনের শিকার হয়ে গুরুতর আহত হয়েছেন স্ত্রী শামসুন্নাহার। তিনি হাতিবান্ধা উপজেলার সোনারদীঘি বেসরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক। নির্যাতনে তাঁর কোমরের হাড় ভেঙে গেছে, বর্তমানে তিনি রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি রয়েছেন।এ ব্যাপারে শামসুন্নাহারের বড় ভাই মনিরুল ইসলাম ৪ মার্চ হাতিবান্ধা উপজেলা পরিষদের চেয়ারম্যান বদিউজ্জামান ভেলুর কাছে লিখিত অভিযোগ করেছেন। হাতিবান্ধা উপজেলা পরিষদের চেয়ারম্যান বদিউজ্জামান ভেলু বলেন, বিষয়টি দুঃখজনক। মঙ্গলবার এ নিয়ে বৈঠক হয়েছে। কিন্তু দুই পক্ষ উপস্থিত না থাকায় কোনো সিদ্ধান্ত হয়নি।চিকিৎসাধীন শামসুন্নাহার মুঠোফোনে প্রথম আলোকে বলেন, ‘১৮ বছর ধরে স্বামীর অমানুষিক নির্যাতনে নরকযন্ত্রণা সহ্য করে আসছি। আড়াই বছর আগে স্বামীর লাঠির আঘাতে আমার বুকের বাম পাশের একটি হাড় ভেঙে গেলে হাসপাতালে এক মাস চিকিৎসা নিয়েছিলাম। প্রায় প্রতিদিনই গভীর রাতে আমার স্বামী নেশা করে আমাকে মারধর করে, তখন তার এক হাতে থাকে রামদা, অন্য হাতে লাঠি। নির্যাতনের সময় শব্দ করলেই মাথার ওপর রামদা তুলে প্রাণে মেরে ফেলার হুমকি দেয়।’ তিনি আরও বলেন, ‘আমার অপরাধ একে একে চার কন্যাসন্তানের মা হয়েছি, পুত্রসন্তান জন্ম দিতে পারিনি।’অভিযোগে জানা যায়, ৩ মার্চ রাত ১২টায় স্বামীর নির্মম শারীরিক নির্যাতনের শিকার হয়ে কোমরের ভাঙা হাড় নিয়ে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি হন শামসুন্নাহার। উন্নত চিকিৎসা ও পরীক্ষা নিরীক্ষার প্রয়োজনে ৮ মার্চ সকালে তাঁকে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। বর্তমানে তিনি হাসপাতালের ১৬ নম্বর ওয়ার্ডের ২৭ নম্বর শয্যায় চিকিৎসাধীন।চেয়ারম্যান আবদুল জলিল স্ত্রীকে নির্যাতনের অভিযোগ অস্বীকার করে বলেন, সংসার জীবনে সামান্য ভুল-বোঝাবুঝি হয়েছে মাত্র। স্ত্রীর কোমরের হাড় কীভাবে ভাঙল, সে প্রসঙ্গে তিনি কোনো জবাব না দিয়ে মুঠোফোনের সংযোগ কেটে দেন।লালমনিরহাট জেলা পারিবারিক নির্যাতন প্রতিরোধ জোট ও জাতীয় মহিলা আইনজীবী সমিতির জেলা কমিটির আইন উপদেষ্টা সফুরা বেগম বলেন, শামসুন্নাহারের পরিবারের পক্ষ থেকে থানায় বা আদালতে মামলা করা হলে তাদের যথাসাধ্য সহযোগিতা করা হবে।