পুনঃ তদন্ত চেয়ে খালেদা জিয়ার আবেদন খারিজ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

জিয়া অরফানেজ ট্রাস্ট দুর্নীতির মামলায় অর্থের উৎসবিষয়ক অভিযোগের একটি অংশের পুনঃ তদন্ত চেয়ে বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়ার করা আবেদনটি সরাসরি খারিজ করে দিয়েছেন হাইকোর্ট। বিচারপতি এম. ইনায়েতুর রহিম ও বিচারপতি সহিদুল করিমের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ গতকাল বৃহস্পতিবার এ আদেশ দেন।
আদালতে খালেদা জিয়ার পক্ষে শুনানি করেন আইনজীবী আবদুর রেজাক খান, সঙ্গে ছিলেন আইনজীবী জাকির হোসেন ভূঁইয়া। দুদকের পক্ষে শুনানি করেন আইনজীবী খুরশীদ আলম খান।
পরে খুরশীদ আলম খান প্রথম আলোকে বলেন, হাইকোর্ট পুনঃ তদন্ত চেয়ে করা আবেদনটি সরাসরি খারিজ করে দিয়েছেন। ফলে মামলার কার্যক্রম স্বাভাবিক নিয়মেই চলবে। তবে ওই আদেশের বিরুদ্ধে আপিল বিভাগে আবেদন করা হবে বলে জানিয়েছেন খালেদা জিয়ার আইনজীবী জাকির হোসেন ভূঁইয়া।
দুই মামলার শুনানি ৩০ মার্চ
আদালত প্রতিবেদক জানান, জিয়া অরফানেজ ও জিয়া চ্যারিটেবল ট্রাস্ট-সংক্রান্ত দুটি দুর্নীতির মামলায় ৩০ মার্চ শুনানির নতুন তারিখ ধার্য করেছেন আদালত। গতকাল জিয়া অরফানেজ ট্রাস্ট মামলায় সাফাই সাক্ষ্য এবং চ্যারিটেবল ট্রাস্ট মামলায় খালেদা জিয়ার আত্মপক্ষ উপস্থাপনের জন্য দিন ধার্য ছিল। তাঁর পক্ষে দুটি মামলায় সময়ের আবেদন করা হলে ঢাকার বিশেষ জজ আদালত-৩-এর বিচারক আবু আহমেদ জমাদার তা মঞ্জুর করে নতুন তারিখ ধার্য করেন।