পুনঃ তদন্ত দাবি করেছেন আসামির আইনজীবী

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

অনিয়মের অভিযোগ এনে পিলখানা হত্যাকাণ্ড মামলার পুনঃ তদন্ত দাবি করেছেন আসামিপক্ষের এক আইনজীবী। গতকাল মঙ্গলবার ঢাকা আলিয়া মাদ্রাসাসংলগ্ন মাঠে স্থাপিত অস্থায়ী বিশেষ আদালতে অভিযোগ থেকে অব্যাহতির আবেদনের শুনানিকালে তিনি এ দাবি করেন।সকাল নয়টা ৫০ মিনিটে বিশেষ আদালতের কার্যক্রম শুরু হয়। গতকাল ২১৫ জন আসামির অব্যাহতির আবেদন জানানো হয়। এ নিয়ে ৩৯৫ জনের অব্যাহতির আবেদনের শুনানি শেষ হলো।শুনানিকালে আসামিপক্ষের বেশ কয়েকজন আইনজীবী তাঁদের মক্কেলদের নির্দোষ দাবি করে তাঁদের অব্যাহতি চান। নিজেকে মামলার ৪০ আসামির আইনজীবী বলে জানিয়ে ফারুক আহাম্মদ শুনানিকালে আদালতে বলেন, আওয়ামী লীগের সাংসদ শেখ ফজলে নূর তাপস ও শেখ সেলিম তাঁদের জবানবন্দিতে বিদ্রোহের আগে বিডিআর সদস্যদের সঙ্গে বৈঠকের কথা স্বীকার করেছিলেন। ফৌজদারি কার্যবিধি অনুসারে অপরাধ ঘটার তথ্য আগে জানতে পারলে সেটা আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে জানাতে হয়। না জানানো দণ্ডবিধির ২০২ ধারা অনুযায়ী অপরাধ। এ ধারায় তাঁরাও দোষী হবেন। কিন্তু তাঁদের আসামি করা হয়নি।ফারুক আহাম্মদ বলেন, ফৌজদারি কার্যবিধি অনুসারে সব সিদ্ধান্ত এজলাসে বসেই নিতে হবে। কিন্তু বিচারক তাঁর মহানগর আদালতে বসে শুনানির তারিখ পরিবর্তন করেছেন। এটা তিনি করতে পারেন না। এ সময় আদালত বলেন, ‘ভুল হলে আপনি উচ্চ আদালতে যেতে পারেন।’এরপর ফারুক আহাম্মদ বলেন, সেনা কর্মকর্তা কামরুজ্জামান জবানবন্দিতে বলেছেন, বিদ্রোহের দিন পিলখানায় ধূসর রঙের গাড়ি এসেছিল। এ ছাড়া যে খোসা পাওয়া গেছে, তা বিডিআরের ব্যবহূত গুলির নয়। আইনজীবী বলেন, এখানে তৃতীয় কোনো পক্ষ জড়িত থাকতে পারে। পুনঃ তদন্ত করলেই তা বেরিয়ে আসবে।আইনজীবী আরও বলেন, এ মামলার বাদী লালবাগ থানার তৎকালীন ওসি নবজ্যোতি খীসা। পিলখানা তাঁর এলাকা না হওয়া সত্ত্বেও অত্যুৎসাহী হয়ে তিনি মামলা করেছিলেন। পরে ভুল ধরা পড়ায় ২০০৯ সালের এপ্রিলে মামলাটি নিউমার্কেট থানায় স্থানান্তর করা হয়। দায়েরের সময় যে মামলায় এত বড় ত্রুটি থাকে, সেই মামলা থেকে ন্যায়বিচার কী করে আশা করা যায়? পরে বেলা দুইটা ২০ মিনিটে ১৩ জুলাই পর্যন্ত আদালত মুলতবি করা হয়।ফারুক আহাম্মদের বক্তব্যের বিষয়ে জানতে চাইলে রাষ্ট্রপক্ষের কৌঁসুলি মোশাররফ হোসেন কাজল প্রথম আলোকে বলেন, এটা কোনো অপরাধের মধ্যে পড়ে না। তাঁদের বিরুদ্ধে অভিযোগ আনার সুযোগ নেই।