আদিবাসী নেত্রী কল্পনা চাকমা অপহরণ মামলার অধিকতর তদন্ত প্রতিবেদন দাখিলের সময় আরও এক দফা বাড়ল। গতকাল বুধবার রাঙামাটি জেলা জজ আদালতের বিচারিক হাকিম মোহসিনুল হক আগামী ১৬ জুন তদন্ত প্রতিবেদন দাখিলের নতুন দিন ধার্য করেন। গতকাল ছিল কল্পনা চাকমা অপহরণ মামলার পুনঃ তদন্তের অগ্রগতি প্রতিবেদন দাখিলের ধার্য দিন।
গতকাল দুপুর ১২টায় কল্পনা চাকমা অপহরণ মামলার বাদীপক্ষের আইনজীবী বাংলাদেশ লিগ্যাল এইড অ্যান্ড সার্ভিসেস ট্রাস্টের (ব্লাস্ট) রাঙামাটি জেলা সমন্বয়কারী তদন্তের অগ্রগতি জানতে আদালতে আবেদন দাখিল করেন। এ সময় অধিকতর তদন্তকারী কর্মকর্তা রাঙামাটি জেলার পুলিশ সুপার আদালতে উপস্থিত ছিলেন না। বাদীপক্ষের আইনজীবী জুয়েল দেওয়ান গতকাল প্রথম আলোকে বলেন, ‘কল্পনা চাকমা অপহরণের অধিকতর তদন্ত প্রতিবেদন ১৬ জুন নির্ধারণ করে দেওয়ার মাধ্যমে ২২তম বারের মতো সময় বৃদ্ধি করা হলো।’
২০১৩ সালের ১৬ জানুয়ারি আদালত কল্পনা চাকমা অপহরণ মামলার অধিকতর তদন্ত প্রতিবেদন দেওয়ার নির্দেশ দেন।
হিল উইমেন্স ফেডারেশনের তৎকালীন সাধারণ সম্পাদক কল্পনা চাকমা ১৯৯৬ সালের ১১ জুন মধ্যরাতে রাঙামাটির বাঘাইছড়ি উপজেলার নিউ লাল্যাঘোনা গ্রামের নিজ বাড়ি থেকে অপহৃত হন। ঘটনার জন্য কল্পনা চাকমার দুই ভাই, বিভিন্ন আদিবাসী ছাত্র, নারী ও রাজনৈতিক সংগঠন কজইছড়ি সেনাছাউনির তৎকালীন অধিনায়ক লেফটেন্যান্ট ফেরদৌস ও তাঁর সহযোগীদের দায়ী করে আসছে। কল্পনা অপহরণ মামলায় ২০১০ সালে পুলিশের চূড়ান্ত প্রতিবেদন এবং ২০১২ সালে সিআইডির প্রতিবেদনে নারাজি আবেদন করেন কল্পনার বড় ভাই কালিন্দী কুমার চাকমা। ২০১৩ সালের ১৬ জানুয়ারি রাঙামাটির ভারপ্রাপ্ত মুখ্য বিচারিক হাকিম মো. সিরাজুদ্দৌলা কুতুবী রাঙামাটি পুলিশ সুপারকে স্বয়ং তদন্ত করে অধিকতর তদন্ত প্রতিবেদন দেওয়ার নির্দেশ দেন। এর পরিপ্রেক্ষিতে গত বছরের ২৪ জুলাই রাঙামাটির সাবেক পুলিশ সুপার (এসপি) আমেনা বেগম তদন্তের অগ্রগতি প্রতিবেদন দাখিল করেন। এরপর আর কোনো প্রতিবেদন দেয়নি পুলিশ।
মানববন্ধন: গতকাল এসপি আমেনা বেগমের প্রতিবেদনের প্রতিবাদে রাঙামাটি জেলা প্রশাসন কার্যালয়ের সামনে মানববন্ধন কর্মসূচি পালন করে পার্বত্য চট্টগ্রাম মহিলা সমিতি ও হিল উইমেন্স ফেডারেশন।