পুনঃ ময়নাতদন্তের প্রতিবেদন দেড় মাসেও মেলেনি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
তাহেরা : ফাইল ছবি
তাহেরা : ফাইল ছবি

চুয়াডাঙ্গার আলমডাঙ্গায় স্কুলছাত্রী তাহেরা খাতুনের পুনঃ ময়নাতদন্তের প্রতিবেদন দেড় মাসেও পওয়া যায়নি। ওই ঘটনার তিন মাস পরও পুলিশ এজাহারভুক্ত আসামি মাসুদ রানা ও তাঁর সহযোগীদের গ্রেপ্তার করতে পারেনি। এতে নিহত তাহেরার পরিবার মামলার সুষ্ঠু তদন্ত ও ন্যায়বিচার পাওয়া নিয়ে সংশয় প্রকাশ করেছে।
আলমডাঙ্গা শহরের আনন্দধাম এলাকায় ভাড়া বাসায় অবস্থানকালে গত ৮ ডিসেম্বর দুপুরে স্কুলছাত্রী তাহেরার রহস্যজনক মৃত্যু হয়। পুলিশ ওই দিন ঘরের ভেতর থেকে গলায় ফাঁস দেওয়া অবস্থায় তার ঝুলন্ত লাশ উদ্ধার করে। তার হাত ও পেটে বেশ কিছু ক্ষত রহস্যের জন্ম দেয়। স্বজনদের পক্ষ থেকে অভিযোগ ওঠে, তাহেরাকে পরিকল্পিতভাবে ধর্ষণের পর হত্যা করে লাশ ঝুলিয়ে রাখা হয়।
থানার উপপরিদর্শক (এসআই) জিয়াউল হক ওই দিন লাশের সুরতহাল প্রতিবেদনে উল্লেখ করেন, তাহেরা খাতুনকে ধর্ষণের প্রমাণ পাওয়া গেছে। তার বাঁ হাতের কনুই থেকে কবজি পর্যন্ত এবং বুক থেকে তলপেট পর্যন্ত অনেকগুলো আঁচড়ের দাগ ছিল।
মেয়ের মৃত্যুতে আলমডাঙ্গা উপজেলার ছত্রপাড়া গ্রামের শাহাজাহান আলী আলমডাঙ্গা থানায় একটি হত্যা মামলা করেন। মামলায় তিনি বাড়ির মালিকের ছেলে মাসুদ রানার নাম উল্লেখসহ তাঁর সহযোগীদের আসামি করেন।
তাহেরা হত্যার প্রতিবাদে আলমডাঙ্গা উপজেলার স্কুল-কলেজসহ বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষক-শিক্ষার্থীরা ধারাবাহিক আন্দোলনে নামে। কিন্তু বিগত তিন মাসেও পুলিশ এজাহারভুক্ত আসামিদের গ্রেপ্তার করতে পারেনি।
এদিকে চুয়াডাঙ্গা সদর হাসপাতালের ময়নাতদন্ত প্রতিবেদনে তাহেরার মৃত্যু আত্মহত্যাজনিত উল্লেখ করায় পুনরায় ময়নাতদন্ত করানোর উদ্যোগ নেয় পরিবার। আদালতের অনুমতি নিয়ে ১৮ জানুয়ারি লাশ কবর থেকে তুলে কুষ্টিয়া মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে ময়নাতদন্ত করা হয়। কিন্তু প্রায় দুই মাস হলেও কুষ্টিয়া হাসপাতাল থেকে ময়নাতদন্তের প্রতিবেদন পাওয়া যায়নি।
তাহেরার বাবা শাহাজাহান বলেন, ‘তাহেরাকে নৃশংসভাবে খুন করা হলেও পুলিশ প্রথম থেকেই মামলা ভিন্ন খাতে প্রবাহিত করার অপচেষ্টা অব্যাহত রেখেছে। নাম-ধাম উল্লেখ করে মামলা ও তথ্য দিয়ে সহযোগিতা করার পরও জড়িত ব্যক্তিদের গ্রেপ্তার করছে না। অথচ আন্দোলনকারীদের নানাভাবে হয়রানি করা হচ্ছে। পুলিশের এই পক্ষপাতমূলক আচরণ এবং পুনঃ ময়নাতদন্ত ও ভিসেরা প্রতিবেদন নিয়ে বিলম্বের ঘটনায় আমরা মর্মাহত ও ক্ষুব্ধ।’
মামলার তদন্ত কর্মকর্তা আলমডাঙ্গা থানার পরিদর্শক (তদন্ত) নাজমুল হুদা গতকাল মঙ্গলবার প্রথম আলোকে বলেন, লাশের পুনঃ ময়নাতদন্ত ও ভিসেরা প্রতিবেদন এখনো পাওয়া যায়নি। বিষয়টি স্পর্শকাতর হওয়ায় ডিএনএ পরীক্ষার জন্য নমুনা ঢাকার মহাখালীতে পাঠানো হয়েছে। এসব প্রতিবেদন হাতে পেলেই দ্রুত তদন্ত সম্পন্ন হবে।