পুনঃ ময়নাতদন্তের জন্য লাশ উত্তোলন
শেরপুরে পুনরায় ময়নাতদন্তের জন্য মৃত্যুর ২১ দিন পর গৃহকর্মী রূপা আক্তারের লাশ কবর থেকে উত্তোলন করা হয়েছে। আদালতের নির্দেশে গতকাল মঙ্গলবার শ্রীবরদী উপজেলার পশ্চিম ঝিনিয়া গ্রামের পারিবারিক কবরস্থান থেকে লাশটি উত্তোলন করা হয়।
গতকাল বেলা দুইটার দিকে লাশ তোলার সময় শেরপুরের জেলা প্রশাসক কার্যালয়ের সহকারী কমিশনার ও নির্বাহী হাকিম মো. আবুল মুনসুর, সদর থানার পরিদর্শক (তদন্ত) ও এই ঘটনায় হওয়া মামলার তদন্ত কর্মকর্তা বিপ্লব কুমার বিশ্বাস, জেলা মহিলা পরিষদের সভানেত্রী জয়শ্রী দাস লক্ষ্মী প্রমুখ উপস্থিত ছিলেন। পরে লাশটি ময়নাতদন্তের জন্য ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালের ফরেনসিক বিভাগে পাঠানো হয়।
পুলিশ সূত্রে জানা গেছে, ৯ আগস্ট সকালে সদর থানা পুলিশ শেরপুর জেলা শহরের দুর্গা নারায়ণপুর এলাকার সালমা জাহানের বাসা থেকে রূপা আক্তারের লাশ উদ্ধার করে। রূপা শ্রীবরদী উপজেলার পশ্চিম ঝিনিয়া গ্রামের সোবাহান আলী ও খোরশেদা বেগমের মেয়ে। এ ঘটনায় রূপার মা খোরশেদা বেগম বাদী হয়ে সালমাসহ অজ্ঞাতনামা আরও দুই-তিনজনকে আসামি করে সদর থানায় একটি হত্যা মামলা করেন। এ নিয়ে ১০ আগস্ট প্রথম আলোয় ‘শেরপুরে গৃহকর্মীর ঝুলন্ত লাশ উদ্ধার’ শিরোনামে একটি প্রতিবেদন ছাপা হয়।
মামলার তদন্ত কর্মকর্তা বিপ্লব কুমার বিশ্বাস প্রথম আলোকে বলেন, রূপার প্রথম ময়নাতদন্ত প্রতিবেদনে ময়নাতদন্তকারী চিকিৎসক শেরপুর জেলা সদর হাসপাতালের আবাসিক চিকিৎসা কর্মকর্তা (আরএমও) মো. মোবারক হোসেন উল্লেখ করেন, রূপা ফাঁস দিয়ে আত্মহত্যা করেছে। তবে তাঁর শরীরে ধর্ষণের আলামত পাওয়া গেছে। এই ময়নাতদন্ত প্রতিবেদনের বিরুদ্ধে রূপার মা খোরশেদা বেগম ২১ আগস্ট আদালতে নারাজি দেন।
মামলার বাদী খোরশেদা বেগমের আবেদনের পরিপ্রেক্ষিতে ২৩ আগস্ট শেরপুরের মুখ্য বিচারিক হাকিম মো. সাইফুর রহমান পুনরায় রূপার লাশের ময়নাতদন্ত করার নির্দেশ দেন।