পুনঃ ময়নাতদন্তের নির্দেশ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ছাত্রলীগের কেন্দ্রীয় কমিটির সহসম্পাদক দিয়াজ ইরফান চৌধুরীর লাশ কবর থেকে তুলে পুনঃ ময়নাতদন্তের নির্দেশ দিয়েছেন আদালত। তদন্ত কর্মকর্তার আবেদনের পর শুনানি শেষে চট্টগ্রামের জ্যেষ্ঠ বিচারিক হাকিম শিপলু কুমার দে গতকাল মঙ্গলবার এ আদেশ দেন।
মামলার তদন্ত কর্মকর্তা পুলিশের অপরাধ তদন্ত বিভাগ (সিআইডি) চট্টগ্রামের সহকারী পুলিশ সুপার (এএসপি) মো. অহিদুর রহমান প্রথম আলোকে বলেন, দিয়াজের পরিবারের পক্ষ থেকে মামলা করা হলে আদালত সিআইডিকে তদন্তের নির্দেশ দেন। গতকাল তিনি দিয়াজের লাশের পুনঃ ময়নাতদন্তের জন্য আদালতে আবেদন করেন। আদালত একজন নির্বাহী ম্যাজিস্ট্রেটের উপস্থিতিতে কবর থেকে লাশ তোলার জন্য চট্টগ্রাম জেলা ম্যাজিস্ট্রেটকে নির্দেশ দেন। একই সঙ্গে ঢাকা মেডিকেল কলেজের ফরেনসিক বিভাগের প্রধানকে তিন সদস্যের কমিটি গঠন করে লাশের ময়নাতদন্তের জন্য নির্দেশ দেন।
গত ২০ নভেম্বর রাতে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসের ২ নম্বর গেট এলাকার নিজ বাসা থেকে দিয়াজের ঝুলন্ত লাশ উদ্ধার করে পুলিশ। তাঁর পরিবারের সদস্যদের অভিযোগ, তাঁকে হত্যা করা হয়েছে। তবে ময়নাতদন্ত প্রতিবেদনে বলা হয়, দিয়াজ আত্মহত্যা করেছেন। এ প্রতিবেদন প্রত্যাখ্যান করেছে দিয়াজের পরিবারসহ চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় ছাত্রলীগের একটি অংশ।
লাশ উদ্ধারের ২২ দিন আগে দিয়াজসহ বিশ্ববিদ্যালয় ছাত্রলীগের চার নেতার বাসায় তাণ্ডব চালানো হয়। ৯৫ কোটি টাকার দরপত্রের ভাগ-বাঁটোয়ারাকে কেন্দ্র করে বিশ্ববিদ্যালয় ছাত্রলীগের সভাপতির অনুসারী নেতা-কর্মীরা ওই হামলা চালান বলে অভিযোগ ওঠে। দিয়াজ চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় ছাত্রলীগের যুগ্ম সাধারণ সম্পাদক ছিলেন।