পুনঃখননের মাটিতে নদী ভরাট

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সিলেটের চারটি উপজেলার মধ্য দিয়ে বয়ে যাওয়া এককালের খরস্রোতা নদী ‘বাসিয়া’ পুনঃখনন করার সময় খননের মাটি নদীর তীরেই রাখা হয়। বর্তমানে বর্ষা মৌসুমে ওই মাটি নদীতে জমা হয়ে আবার ভরাট হয়ে যাচ্ছে।
পানি উন্নয়ন বোর্ড (পাউবো) সূত্রে জানা গেছে, জলবায়ু ট্রাস্ট ফান্ডের অর্থায়নে পানি উন্নয়ন বোর্ড (পাউবো) প্রায় ছয় কোটি ৯৭ লাখ টাকা ব্যয়ে বসিয়া পুনঃখনন প্রকল্পের প্রথম দফার কাজ শুরু করে ১৩ জানুয়ারি। কাজ শেষ হয় গত ১৫ মে। চারটি ভাগে পৃথক চারটি ঠিকাদারি প্রতিষ্ঠান পুনঃখননের কাজ বাস্তবায়ন করে। খনন চলাকালে মাটি নদীর তীরেই রাখা হয়। পরে ঠিকাদারি প্রতিষ্ঠানগুলো ওই মাটি সরিয়ে নেয়নি। এমনকি স্থানীয় লোকজনকেও ওই মাটি নিতে দেওয়া হয়নি।
সিলেট সদর উপজেলার মাসুকগঞ্জ বাজার এলাকায় ‘সুরমা নদী’ থেকে উৎপত্তি হয়ে জগন্নাথপুর উপজেলার খাইকা এলাকায় কুশিয়ারা নদীর সঙ্গে মিলিত হয়েছে ৩০ কিলোমিটার দৈর্ঘ্যের বাসিয়া নদী। প্রথম দফায় নদীর ১৮ কিলোমিটার অংশের পুনঃখননের কাজ সম্পন্ন করা হয়েছে।
প্রথম দফায় খনন করা মাটি নদীর তীর থেকে অপসারণ না করায় চলতি বর্ষা মৌসুমে ওই মাটি আবার নদীতে চলে যাচ্ছে। ফলে নদীর তলদেশ আবার ভরাট হয়ে যাচ্ছে। সরেজমিনে দেখা গেছে, বিভিন্ন স্থানে মাটি বৃষ্টির পানিতে নদীতে চলে গেছে। মাটির কিছু অংশ পাড়েই রয়েছে এবং ধীরে ধীরে তা নদীতে চলে যাচ্ছে।
পাউবোর সিলেট অঞ্চলের প্রকৌশলী ছিদ্দিকুর রহমান দাবি করেন, মাটি সরানোর দায়িত্ব ঠিকাদারের নয়। এমনকি পাউবোরও নয়। নদীর পারসংলগ্ন এলাকার বাসিন্দা ও জমির মালিকেরা চাইলে মাটি সরিয়ে নিতে পারেন। তাঁরা যদি মাটি না সরান তবে কী হবে—জানতে চাইলে তিনি বলেন, ওই অবস্থায়ই থাকবে।