কক্সবাজারের চকরিয়া সরকারি বালিকা বিদ্যালয় কেন্দ্রে মাধ্যমিকের বাংলা প্রথম পত্রের পরীক্ষার দিন গত রোববার হট্টগোল এবং ৮৬ জন পরীক্ষার্থীর উত্তরপত্র ছিঁড়ে ফেলার ঘটনায় মামলা দায়ের করেছেন কেন্দ্রসচিব মো. নুরুল ইসলাম। তবে মামলায় কাউকে নির্দিষ্ট করে আসামি করা হয়নি।
এদিকে যাদের উত্তরপত্র ছিঁড়ে ফেলা হয়েছে, তাদের পরীক্ষা ফের নেওয়া হবে কি না, সে বিষয়ে গতকাল সোমবার পর্যন্ত কোনো সিদ্ধান্ত হয়নি। এতে অনিশ্চয়তায় রয়েছে পরীক্ষার্থীরা। জানা গেছে, ওই দিন বাংলা প্রথম পত্রের রচনামূলক পরীক্ষা শেষে ১২টা ২০ মিনিটে নৈর্ব্যক্তিক প্রশ্নপত্র দেওয়ার কথা। কিন্তু কেন্দ্রের ৬ নম্বর কক্ষে ১২টা ৩৫ মিনিটে এবং ৪ নম্বর কক্ষে ১২টা ৩০ মিনিটে নৈর্ব্যক্তিক প্রশ্নপত্র দেওয়া হয়। আবার নির্ধারিত সময়ে নৈর্ব্যক্তিক প্রশ্নের উত্তরপত্র উঠিয়ে নেওয়া হয়। এ সময় কোনো কোনো পরীক্ষার্থী নিজের উত্তরপত্র নিজে ছিঁড়ে ফেলে, আবার কোনো কোনো উচ্ছৃঙ্খল পরীক্ষার্থী হল পরিদর্শকের হাত থেকে উত্তরপত্র কেড়ে নিয়ে ছিঁড়ে ফেলে। খবরটি পরীক্ষাকেন্দ্রের বাইরে চাউর হলে অপেক্ষমাণ অভিভাবকেরা ভেতরে ঢুকে হলের চেয়ার-টেবিল ও দরজা ভাঙচুর করেন। ঘটনার খবর পেয়ে কক্সবাজার জেলা প্রশাসক মো. রুহুল আমিন অতিরিক্ত পুলিশ নিয়ে ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনেন।
পরীক্ষার্থীরা জানিয়েছে, হল পরিদর্শকের দায়িত্ব দেওয়া হয় মাদ্রাসার শিক্ষকদের। তাঁদের আনাড়িপনার কারণে সময়ক্ষেপণ হয়েছে বলে অভিযোগ করেন পরীক্ষার্থীরা।
চকরিয়া সরকারি বালিকা বিদ্যালয়ের প্রধান শিক্ষক ও কেন্দ্রসচিব নুরুল ইসলাম বলেন, ৮৬টি উত্তরপত্রের মধ্যে ৬ নম্বর কক্ষে রয়েছে ৬০টি এবং ৪ নম্বর কক্ষে রয়েছে ২৬টি উত্তরপত্র।
চট্টগ্রাম শিক্ষা বোর্ড সূত্র জানায়, ৮৬টি উত্তরপত্র ছিঁড়ে ফেলার ঘটনায় তিনটি বিকল্প সিদ্ধান্ত নিয়ে ভাবছে শিক্ষা বোর্ড। সেগুলো হলো: নতুন প্রশ্নপত্রে পরীক্ষা নেওয়া যায় কি না, বাকি নয় বিষয়ের গড় নম্বর মিলিয়ে বাংলা প্রথম পত্রে একই নম্বর দেওয়া অথবা বাংলা দ্বিতীয় পত্রে ওই পরীক্ষার্থীরা যে নম্বর পাবে, একই নম্বর বাংলা প্রথম পত্রে দেওয়া যায় কি না।
কক্সবাজার জেলা প্রশাসক মো. রুহুল আমিন বলেন, অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা) এস এম আলাউদ্দিনকে দিয়ে তদন্ত কমিটি গঠন করা হয়েছে। তদন্ত প্রতিবেদনের ওপর ভিত্তি করে জড়িতদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে।