পুনঃস্থাপন কাজ নিয়ে শঙ্কা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ঝুঁকিপূর্ণ দোহাজারী এবং নাজিরহাট রেলপথ পুনঃস্থাপন কাজের মেয়াদ একবার পার হয়েছে। নতুন করে দুই বছরের মধ্যে লাইন, স্টেশন, সেতুসহ যাবতীয় পুনর্বাসনের কাজ শুরু হলেও তা চলছে ধীরগতিতে। পুনর্নির্ধারিত মেয়াদের মধ্যে শেষ হবে কি না, তা নিয়ে শঙ্কাও কম নয়।
জানা গেছে, ষোলশহর থেকে দোহাজারী পর্যন্ত ৪৫ দশমিক ৪০ কিলোমিটার এবং ষোলশহর থেকে নাজিরহাট পর্যন্ত ২২ দশমিক ২০ কিলোমিটার রেলপথ পুনঃস্থাপনের কাজ শুরু হয়েছে। আগামী ২০১৫ সালের মধ্যে এই কাজ শেষ করতে হবে।
রেলওয়ে পূর্বাঞ্চল সূত্রে জানা গেছে, নাজিরহাট ও দোহাজারী লাইন পুনঃস্থাপন (রেলওয়ের ভাষায় পুনর্বাসন) কার্যক্রমের জন্য ২০১০ সালের ২৮ ডিসেম্বর জাতীয় অর্থনৈতিক পর্ষদের সভায় ২০৩ দশমিক ৫০ কোটি টাকা পাস হয়। কিন্তু এই কয়েক বছরে এই কাজ শুরুই করা যায়নি। গত জুনে এর কার্যকালের মেয়াদ শেষ হয়।
লাইনটি সংস্কার কিংবা পুনঃস্থাপন না করার কারণে দিন দিন ঝুঁকিপূর্ণ হয়ে পড়ছে। গত ৩০ জুলাই দোহাজারী পিকিং পাওয়ার প্ল্যান্টের ফার্নেস তেল পরিবহনের সময় কালুরঘাট সেতু এলাকায় ছয়টি ওয়াগন লাইনচ্যুত হয়ে যায়। এ সময় ৬০ হাজার লিটারের বেশি ফার্নেস তেলে কর্ণফুলী ও আশপাশের এলাকা দূষিত হয়ে পড়ে।
জানা গেছে, মেয়াদ পার হওয়ার পর নতুন করে ২০১৫ পর্যন্ত কার্যকাল বাড়ানো হয়। সে অনুযায়ী বর্তমানে ১০টি ভাগে এই কাজ চলছে। সরেজমিনে দেখা গেছে, কালুরঘাট এলাকায় লাইনের পাশে স্লিপার ও পাথর এনে মজুত করা হয়েছে। কিন্তু কাজ চলছে মন্থরগতিতে।
জানতে চাইলে প্রকল্প পরিচালক ও রেলওয়ে পূর্বাঞ্চলের প্রধান প্রকৌশলী এ কে এম মাহবুবুল আলম বলেন, ‘প্রকল্পটির মেয়াদ পার হওয়ার পর নতুন করে মেয়াদ বাড়ানো হয়েছে। আশা করি, মেয়াদের মধ্যেই কাজ শেষ হবে। এর আওতায় স্টেশন, লাইন, সিগন্যাল, সেতু সবকিছু নতুনভাবে হবে। এটা হয়ে গেলে ট্রেনের গতি ৫০ থেকে ৭০ কিলোমিটার পর্যন্ত বেড়ে যাবে।’ রেলওয়ে সূত্রে জানা গেছে, নাজিরহাট ও দোহাজারী দুটি যাত্রাপথেই ২০ কিলোমিটার বেগে যাত্রীবাহী ট্রেন ও ১০ কিলোমিটার বেগে পণ্যবাহী ট্রেন চলাচল করতে পারে। দোহাজারী পর্যন্ত চট্টগ্রাম থেকে একটি যাত্রীবাহী ট্রেন চলাচল করে।
অন্যদিকে, নাজিরহাট যাত্রপথে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের শাটল ট্রেন ও নাজিরহাট পর্যন্ত যাত্রীবাহী ট্রেন চলাচল করে। দুটি যাত্রাপথেই পণ্যবাহী ট্রেনও চলাচল করে।