এইচএসসি পরীক্ষায় গতকাল সোমবার অনুষ্ঠিত হিসাববিজ্ঞান দ্বিতীয় পত্র পরীক্ষায় ভুল প্রশ্নপত্র সরবরাহ করার অভিযোগে পুনরায় পরীক্ষা নেওয়ার দাবিতে নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে মানববন্ধন হয়েছে।
সোনারগাঁ বিশ্ববিদ্যালয় কলেজের শিক্ষকেরা উপজেলার কেন্দ্রীয় শহীদ মিনারে ওই কর্মসূচি পালন করেন। পরে তাঁরা এ ঘটনায় ইউএনও বরাবর স্মারকলিপি দেন।
ওই কলেজের কয়েকজন এইচএসসি পরীক্ষার্থীরা জানায়, তাদের কলেজের ২১ জন শিক্ষার্থী পুরাতন সিলেবাসের অধীনে সোনারগাঁ কাজী ফজলুল হক উইমেন্স ইউনিভার্সিটি কলেজকেন্দ্রে হিসাববিজ্ঞান দ্বিতীয় পত্র বিষয়ের পরীক্ষা দিতে যায়। পরীক্ষা শুরু হওয়ায় পর নতুন সিলেবাসের অধীনের পরীক্ষার্থীদের সঙ্গে তাঁদের একই প্রশ্নপত্র সরবরাহ করেন শিক্ষকেরা। প্রায় এক ঘণ্টা পর শিক্ষার্থীরা বুঝতে পেরে বিষয়টি শিক্ষকদের জানায়। পরে শিক্ষকেরা ভুল স্বীকার করেন ও যেটুকু সময় অপচয় হয়েছে পরীক্ষার পর সে সময় দেওয়ার ঘোষণা দেন। কিন্তু আর বাড়তি সময় দেওয়া হয়নি।