পুনরায় উৎপাদন শুরুর দাবিতে যমুনা সার কারখানায় অবরোধ
জামালপুরের সরিষাবাড়ী উপজেলায় অবস্থিত যমুনা সার কারখানায় অবিলম্বে গ্যাস সরবরাহ করে পুনরায় উৎপাদন শুরু করার দাবিতে স্থানীয় জনগণ কারখানা অবরোধ করেছে। উপজেলা নাগরিক কমিটির ব্যানারে গতকাল সোমবার থেকে এ অবরোধ শুরু হয়।কারখানা কর্তৃপক্ষ জানিয়েছে, গ্যাস-সংকটকে কারণ হিসেবে দেখিয়ে গত ২৬ মার্চ শিল্প মন্ত্রণালয়ের নির্দেশে তিতাস গ্যাস কর্তৃপক্ষ যমুনা সার কারখানায় গ্যাস সরবরাহ বন্ধ করে দেয়। ফলে উৎপাদন বন্ধ হয়ে যায়। চীন থেকে আপাতত সার আমদানি করে এ কারখানার গুদামে রাখা হচ্ছে এবং সেখান থেকে বিভিন্ন জায়গায় তা সরবরাহ করা হচ্ছে।স্থানীয় বাসিন্দারা জানান, গতকাল ভোর ছয়টা থেকে দুপুর ১২টা পর্যন্ত কারখানার মূল ফটক উপজেলা নাগরিক কমিটি অবরোধ করে রাখে। এ সময় কারখানার গুদাম থেকে বাইরে নেওয়া ও আমদানি করা সার কারখানার ভেতরে নেওয়ায় তাঁরা বাধা দেন। ভেতরে ঢুকতে না পেরে আমদানিকৃত সারবোঝাই ট্রাকগুলোকে কারখানার বাইরে সারিবদ্ধভাবে দাঁড়িয়ে থাকতে দেখা যায়।উপজেলা নাগরিক কমিটির সভাপতি গাজিয়ার রহমান প্রথম আলোকে বলেন, আগামীকাল বুধবার পর্যন্ত (ভোর ছয়টা থেকে দুপুর ১২টা) নিয়মিত অবরোধ কার্যক্রম চলবে। তিনি বলেন, এ সময়ের মধ্যে গ্যাস সরবরাহ ও পুনরায় উৎপাদন শুরু না করলে কমিটি নতুন কর্মসূচি ঘোষণা দেবে।