পুনরায় দুই সাংবাদিক শারীরিকভাবে লাঞ্ছিত
খুলনায় গতকাল বৃহস্পতিবার দুই সাংবাদিককে শারীরিকভাবে লাঞ্ছিত করেছে কয়েকজন ব্যক্তি। আহত সাংবাদিকেরা হলেন দ্য নিউ এজ-এর খুলনা প্রতিনিধি তাপস কান্তি দাশ এবং স্থানীয় দৈনিক জন্মভূমির নিজস্ব প্রতিবেদক আমিনুল ইসলাম।প্রত্যক্ষদর্শীরা জানান, দুপুর ১২টার দিকে খুলনা প্রেসক্লাবের পাশে একটি ক্লিনিকের সামনে যুবলীগের কর্মী পরিচয়ধারী ফিরোজ মিয়া এক রিকশাওয়ালাকে ভাড়া না দিয়ে উল্টো মারধর করতে থাকলে তাপস ও আমিনুল এর প্রতিবাদ করেন। এতে ক্ষিপ্ত হয়ে ফিরোজ তার ভাই ফয়সাল ও রিমনসহ ৮-১০ জনকে ডেকে এনে দুই সাংবাদিককে বেধড়ক পেটাতে থাকে। খবর পেয়ে প্রেসক্লাবে থাকা সাংবাদিকেরা ছুটে এলে তারা পালিয়ে যায়। আহত তাপস ও আমিনুল বলেছেন, হামলাকারীরা তাঁদের কাছে থাকা গুরুত্বপূর্ণ কাগজপত্র ও কিছু টাকা ছিনিয়ে নিয়েছে এবং পরে তাঁদের দেখে নেওয়া হবে বলে হুমকি দিয়েছে।তাপসকে খুলনা সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে। আমিনুলকে একটি ক্লিনিকে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে। এ ব্যাপারে তাপসের পক্ষ থেকে গতকাল সন্ধ্যায় মামলার প্রস্তুতি চলছিল।এ ঘটনায় খুলনা প্রেসক্লাব ও খুলনা সাংবাদিক ইউনিয়ন (কেইউজে) তাৎক্ষণিকভাবে যৌথ প্রতিবাদ সমাবেশের আয়োজন করে। প্রেসক্লাব চত্বরে অনুষ্ঠিত সমাবেশে সভাপতিত্ব করেন প্রেসক্লাবের সভাপতি আহাম্মদ আলী খান। সাংবাদিকদের মধ্যে বক্তব্য দেন মকবুল হোসেন, শেখ আবু হাসান, এ কে হিরু, মো. সাহেব আলী, গৌরাঙ্গ নন্দী ও এস এম জাহিদ হোসেন।