পুনরায় নির্বাচনের দাবিতে ৩৬ ঘণ্টার অবরোধ
রাঙামাটির বরকল উপজেলার ভূষণছড়া ইউনিয়নের একটি কেন্দ্রের ফলাফল বাতিল করে পুনর্নির্বাচনের দাবিতে রাঙামাটি জেলায় ৩৬ ঘণ্টার সড়ক-নৌপথ অবরোধের ডাক দিয়েছে জনসংহতি সমিতি। আগামী সোমবার ভোর ছয়টা থেকে মঙ্গলবার সন্ধ্যা ছয়টা পর্যন্ত এ অবরোধের ডাক দেওয়া হয়। কেন্দ্রটি হলো ছোট হরিণা সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্র।
আজ বৃহস্পতিবার রাঙামাটি কুমার সমিত রায় জিমনেশিয়াম চত্বরে আয়োজিত সমাবেশ থেকে পার্বত্য চট্টগ্রাম জনসংহতি সমিতির রাঙামাটি জেলা শাখার সভাপতি সুর্বণ চাকমা এ অবরোধের ডাক দেয়। এ সময় সমিতির কেন্দ্রীয় সভাপতি ও আঞ্চলিক পরিষদের চেয়ারম্যান জ্যোতিরিন্দ্র বোধিপ্রিয় (সন্তু) লারমা উপস্থিতি ছিলেন।
একই দাবিতে গত মঙ্গলবার থেকে বরকল উপজেলায় জনসংহতি সমিতির ডাকে লাগাতার বাজার বর্জন ও নৌপথ অবরোধ কর্মসূচি চলছে।
গত শনিবার রাঙামাটির ৪৯টি ইউপির মধ্যে ৪৮টি ইউপিতে নির্বাচন অনুষ্ঠিত হয়। বিচ্ছিন্ন কিছু ঘটনা ছাড়া নির্বাচন শান্তিপূর্ণভাবে শেষ হয়। তবে আঞ্চলিক রাজনৈতিক দল জনসংহতি সমিতি ছোট হরিণা সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রের ফলাফল প্রত্যাখ্যান করে পুনর্নির্বাচনের দাবি জানায়।
সমিতির কেন্দ্রীয় তথ্য ও প্রচার সম্পাদক মঙ্গল কুমার চাকমা অভিযোগ করেন, বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) সদস্যদের সহায়তায় সরকারি দল আওয়ামী লীগের সমর্থক একদল বহিরাগত নির্বাচনে ভোট কারচুপি করে জয় ছিনিয়ে নিয়েছে। বহিরাগতরা পাহাড়ি ভোটারদের মারধর করে।