পুনরায় ভর্তি পরীক্ষা নেওয়ার দাবি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

অবরোধের কারণে চট্টগ্রামের মিরসরাইয়ের জোরারগঞ্জ টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং কলেজ কেন্দ্রে ভর্তি পরীক্ষায় অংশ নিতে না পারা চট্টগ্রাম নগরের একদল শিক্ষার্থী ও তাদের অভিভাবকেরা পুনরায় পরীক্ষার দাবি জানিয়েছেন।
গত ৩০ নভেম্বর একই সঙ্গে দেশের চারটি টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং কলেজে ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হয়। বাকি তিনটি প্রতিষ্ঠান হচ্ছে বরিশাল, নোয়াখালী ও পাবনা টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং কলেজ। বস্ত্র মন্ত্রণালয়ের অধীনে এসব কলেজের শিক্ষা কার্যক্রম পরিচালিত হয়।
কলেজ সূত্রে জানা যায়, এর আগেও দুবার হরতালের কারণে ভর্তি পরীক্ষা পেছানো হয়েছে। ২৯ নভেম্বর রাতে অবরোধ কর্মসূচি ঘোষণার পরে কেন্দ্রীয়ভাবে ভর্তি পরীক্ষার সময়সূচি আর পরিবর্তন করা হয়নি। ফলে অবরোধের মধ্যেই ৩০ নভেম্বর পরীক্ষা অনুষ্ঠিত হয়েছে। অবশ্য এর আগেই বিভিন্ন এলাকা থেকে কিছু পরীক্ষার্থী মিসরাইয়ে এসে অবস্থান নেন। জোরারগঞ্জ টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং কলেজের রেজিস্ট্রার জাকির হোসেন বলেন, ভর্তি পরীক্ষায় প্রায় ৫০ শতাংশ শিক্ষার্থী অংশ নিয়েছেন।
পরীক্ষার্থী আনিসুর রহমান বলেন, ‘চট্টগ্রাম নগর থেকে ঘণ্টা দুয়েকের মধ্যে পৌঁছা যায় বলে আমরা পরীক্ষার দিনে সরাসরি যাওয়ার পরিকল্পনা নিয়েছিলাম। কিন্তু অলংকার মোড় পর্যন্ত এসে আর এগোতে পারিনি। এখানে আমাদের তো কোনো দোষ নেই। কাজেই আমাদের জন্য পুনরায় ভর্তি পরীক্ষা নেওয়ার অনুরোধ জানাচ্ছি।’ অভিভাবক আইনজীবী প্রদীপ কান্তি দাশ বলেন, ‘অবরোধের কারণে পিএসসি পরীক্ষাসহ অন্য সব পরীক্ষার সময় পাল্টানো হয়েছে। কিন্তু টেক্সটাইল ইঞ্জিনিয়ারিংয়ের পরীক্ষাটি বহাল রাখা হলো কেন?’
কলেজের অধ্যক্ষ হাবিবুর রহমান বলেন, ‘অভিন্ন প্রশ্নপত্রে চারটি কলেজের ভর্তি পরীক্ষা হয়েছে আমাদের এখানে। যারা পরীক্ষায় অংশ নিতে পারেনি তাদের জন্য সমবেদনা রয়েছে। বিষয়টি দুঃখজনক। কিন্তু নতুন করে পরীক্ষা নেওয়ার কোনো সুযোগ নেই। এর পরও যদি ঊর্ধ্বতন কর্তৃপক্ষ বিষয়টি বিবেচনায় এনে নতুন কোনো ঘোষণা দেয় আমরা তা অনুসরণ করব।’