নরসিংদীর রায়পুরা উপজেলার চরআড়ালিয়া ইউনিয়ন পরিষদে (ইউপি) অনুষ্ঠিত নির্বাচনে চারটি কেন্দ্রে চেয়ারম্যান পদে প্রায় শতভাগ ভোট পড়েছে। এ ঘটনায় পুনরায় ভোট গ্রহণের দাবি জানিয়েছেন বিএনপির প্রার্থী হাসানুজ্জামান।
রিটার্নিং কর্মকর্তার কার্যালয় সূত্র, বিএনপির প্রার্থীর অভিযোগ, স্থানীয় লোকজনের সঙ্গে কথা বলে জানা গেছে, চরআড়ালিয়া ইউপির নয়টি কেন্দ্রের মধ্যে চারটিতে চেয়ারম্যান পদের শতভাগ ব্যালট পেপারে সিল পড়েছে। এর মধ্যে ৬ নম্বর ওয়ার্ডের বাতাকান্দি সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রের মোট ভোট ৮৫২টি। আওয়ামী লীগের প্রার্থী নুরুজ্জামান সরকার ৮৪৩ ভোট পান।
অনুসন্ধানে জানা গেছে, নির্বাচনের দিন ওই ওয়ার্ডের অন্তত ৬০ জন ভোটার কেন্দ্রে যাননি। তাঁদের মধ্যে ৫১ জন থাকেন বিদেশে। আটজন মারা গেছেন। একজন অসুস্থ। ভোটকেন্দ্র অনুপস্থিত ব্যক্তিদের মধ্যে সাতজন আওয়ামী লীগের প্রার্থীর পরিবারের। এর মধ্যে প্রার্থীর মা আমিনা খাতুন ও ভাই মো. আশরাফ উদ্দিন মারা গেছেন। বিদেশে রয়েছেন প্রার্থীর ছোট ভাই সৈয়দ উদ্দিন, এরশাদ সরকার ও ভাতিজা রিয়াজুল সরকার ও তাজুল সরকার। আর অসুস্থতার কারণে প্রার্থীর বড় ভাই গোলাম মাওলা ভোটকেন্দ্রে যেতে পারেননি। গোলাম মাওলা মুঠোফোনে বলেন, ‘আমার হার্টের সমস্যা। তাই ভোটকেন্দ্রে যেতে পারিনি। পাঁচ ভাইয়ের মধ্যে চেয়ারম্যান আর আমি দেশে। বাকি তিনজনের একজন নিখোঁজ। অন্যরা বিদেশে। আমার দুই ছেলেও বিদেশে।’
৭ নম্বর ওয়ার্ডের বটতুলি সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রের মোট ভোটার ১ হাজার ৯০ জন। এর মধ্যে আওয়ামী লীগের প্রার্থী ১ হাজার ৭৩ ও বিএনপির প্রার্থী ৩, স্বতন্ত্র প্রার্থী ৪ ভোট পান। ১০টি ভোট বাতিল হয়েছে। ওই কেন্দ্রেও অন্তত ১৬৯ জন ভোটার অনুপস্থিত ছিলেন।
৮ নম্বর ওয়ার্ডের খামারপাড়া মাদ্রাসাকেন্দ্রে মোট ভোটার ৯২১ জন। এর মধ্যে আওয়ামী লীগের প্রার্থী ৮৯৩ ভোট পান। বাতিল হয়েছে সাতটি ভোট। বিএনপি ও স্বতন্ত্র প্রার্থীর কেউ ভোট পাননি। খোঁজ নিয়ে জানা গেছে, ওই কেন্দ্রেও অন্তত ১০৯ জন ভোটার অনুপস্থিত ছিলেন।
৯ নম্বর ওয়ার্ডের বটতুলি খামার সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রের মোট ভোটার ৯৭৪ জন। এর মধ্যে আওয়ামী লীগের প্রার্থী ৯৫৯ ভোট পান। বাতিল হয়েছে ১৪ ভোট। বিএনপি ও স্বতন্ত্র প্রার্থীর কেউ ভোট পাননি। খোঁজ নিয়ে জানা গেছে, ওই কেন্দ্রেও অন্তত ৪০ জন অনুপস্থিত ছিলেন। এর মধ্যে ৩৯ জন থাকেন বিদেশে। একজন মৃত।
বিএনপির প্রার্থী হাসানুজ্জামান বলেন, ‘ভোট মেরে ফেলতে পারে, এমন শঙ্কায় তফসিল ঘোষণার পর থেকে নির্বাচনের দিন পর্যন্ত বিভিন্ন সময় নির্বাচন কমিশনসহ সংশ্লিষ্ট সব দপ্তরে প্রয়োজনীয় প্রমাণসহ লিখিত অভিযোগ দিয়েছিলাম। তারা কোনো ব্যবস্থা নেয়নি। এখন শতভাগ ভোট পড়া চার কেন্দ্রে পুনরায় ভোট গ্রহণের দাবি জানাচ্ছি।’ আওয়ামী লীগের প্রার্থী নুরুজ্জামান সরকারের মুঠোফোনে কল দিলেও তিনি তা ধরেননি।
রিটার্নিং কর্মকর্তা ও উপজেলা পল্লি উন্নয়ন কর্মকর্তা আহাম্মদ আলী বলেন, ‘শতভাগ ভোট পড়ার বিষয়টিকে অসংগতিপূর্ণ মনে হয়েছে। এ বিষয়ে প্রিসাইডিং কর্মকর্তারা কোনো সদুত্তর দিতে পারেননি।’