পুনরায় ভোট গ্রহণের দাবি আ.লীগের

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

নাটোরের বড়াইগ্রাম উপজেলা পরিষদ নির্বাচনে বিএনপি-সমর্থিত প্রার্থীর হয়ে প্রশাসন কাজ করেছে এমন অভিযোগ এনে আওয়ামী লীগ-সমর্থিত চেয়ারম্যান প্রার্থী মিজানুর রহমান নতুন করে ভোট গ্রহণের দাবি জানিয়েছেন। গতকাল মঙ্গলবার নাটোর প্রেসক্লাবে সংবাদ সমেঞ্চলন করে তিনি এ দাবি জানান।
সংবাদ সমেঞ্চলনে মিজানুর রহমান বলেন, ‘বিএনপি-সমর্থিত প্রার্থী একরামুল আলম বনপাড়া ডিগ্রি কলেজের অধ্যক্ষ। ওই কলেজের ব্যবস্থাপনা কমিটির সভাপতি বড়াইগ্রামের উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও)। এই সুবাদে তিনি আমার প্রতিপক্ষের হয়ে তাঁর পছন্দের ব্যক্তিদের বিভিন্ন কেন্দ্রে নির্বাচনের দায়িত্ব দিয়েছেন। তাঁরা আমার ব্যালট পেপার বাইরে ফেলে দিয়ে আমার ভোটের সংখ্যা কম দেখিয়েছেন। নির্বাচনের পরের দিন এ ধরনের অনেক ব্যালট পেপার কুড়িয়ে পাওয়া গেছে। এ ছাড়া তাঁর মদদে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী অহেতুক আমার নেতা-কর্মীদের ওপর নির্যাতন করে ভোটকেন্দ্রে যেতে দেয়নি। নির্বাচনের সঙ্গে সংশ্লিষ্ট কয়েকজনকে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে জেল-জরিমানা করা হয়েছে।’
একরামুল আলম বলেন, ‘মিজানুর রহমানের অভিযোগ সঠিক নয়।’
ইউএনও সৈয়দ ইরতিজা আহসান বলেন, ‘আওয়ামী লীগ-সমর্থিত চেয়ারম্যান প্রার্থী মিজানুর যখন যে অভিযোগ করেছেন, আমি তাৎক্ষণিকভাবে সে ক্ষেত্রে পদক্ষেপ নিয়েছি। দায়িত্ব যথাযথভাবেই পালন করেছি। কাজেই তাঁর অভিযোগ ভিত্তিহীন।’
গত রোববার বড়াইগ্রামে আওয়ামী লীগ-সমর্থিত একক প্রার্থী মিজানুর রহমান প্রায় ১০ হাজার ভোটের ব্যবধানে একরামুল আলমের কাছে পরাজিত হন।