পুনরায় ভোট নিয়ে চূড়ান্ত ফলাফল
প্রতিষ্ঠার ১৬ বছর পর গত মঙ্গলবার সিলেটের বিয়ানীবাজার পৌরসভার নির্বাচন অনুষ্ঠিত হলেও ফলাফল ঘোষণা করা হয়নি। অনিয়ম ও কারচুপির অভিযোগ ওঠায় একটি কেন্দ্রের ভোট বাতিল করেছে নির্বাচন কমিশন। এ কারণেই ফলাফল ঘোষণা করা সম্ভব হয়নি।
ওই কেন্দ্রে পুনরায় ভোট গ্রহণ শেষে মেয়র পদে চূড়ান্ত ফলাফল ঘোষণা করা হবে। তবে বাকি নয়টি কেন্দ্রে বেসরকারিভাবে ঘোষিত ফলাফলে মেয়র পদে বিএনপির প্রার্থী মো. আবু নাসের ১৫৪ ভোটে এগিয়ে আছেন। তাঁর নিকটতম প্রতিদ্বন্দ্বী আওয়ামী লীগের মেয়র পদপ্রার্থী আবদুস শুকুর।
এ বিষয়ে সিলেটের জেলা নির্বাচন কর্মকর্তা মোহাম্মদ মনির হোসেন প্রথম আলোকে জানান, পৌরসভার কসবা আদর্শ সরকারি প্রাথমিক বিদ্যালয় ভোটকেন্দ্রে মেয়র ও কাউন্সিলর পদপ্রার্থীর কিছুসংখ্যক সমর্থক জালভোট দিয়েছেন বলে অভিযোগ পাওয়া গেছে। এ ছাড়া ওই কেন্দ্রে অনিয়ম ও কারচুপির অভিযোগ পাওয়া গেছে। এ অবস্থায় পুরো কেন্দ্রের ভোট বাতিল ঘোষণা করা হয়েছে।
কয়েকজন ভোটার, প্রার্থী ও প্রত্যক্ষদর্শী জানান, গত মঙ্গলবার পৌরসভার ১০টি কেন্দ্রে ভোট গ্রহণ করা হয়। এর মধ্যে বেলা পৌনে তিনটার দিকে ৩ নম্বর ওয়ার্ডের কসবা আদর্শ সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে দুজন কাউন্সিলর প্রার্থীর সমর্থকদের ধাওয়া-পাল্টাধাওয়ার কারণে কিছু সময়ের জন্য ভোট গ্রহণ স্থগিত ছিল। এরপর পরিস্থিতি শান্ত হলে পুনরায় ভোট গ্রহণ শুরু হয়। তবে গোলযোগের সময় এ কেন্দ্রে আওয়ামী লীগের মেয়র পদপ্রার্থীর সমর্থকেরা জালভোট দিয়েছেন বলে কয়েকজন মেয়র পদপ্রার্থী তাৎক্ষণিক অভিযোগ করেন। এ অবস্থায় রাতেই কেন্দ্রটির ভোট বাতিল ঘোষণা করে নির্বাচন কমিশন।
জেলা নির্বাচন কর্মকর্তার কার্যালয় জানিয়েছে, ১০টি কেন্দ্রের মধ্যে ৯টির ফলাফল এরই মধ্যে বেসরকারিভাবে ঘোষণা করা হয়েছে। এতে ৩ হাজার ৬২৫ ভোট পেয়ে এগিয়ে আছেন বিএনপির মেয়র পদপ্রার্থী মো. আবু নাসের। ৩ হাজার ৪৭১ ভোট পেয়ে দ্বিতীয় অবস্থানে আওয়ামী লীগের আবদুস শুকুর।
বেসরকারি ফলাফল অনুযায়ী কাউন্সিলর হিসেবে ১ নম্বর ওয়ার্ডে এমাদ আহমদ (জামায়াত), ২ নম্বর ওয়ার্ডে ছয়ফুল আলম (আওয়ামী লীগ), ৪ নম্বর ওয়ার্ডে আকছার হোসেন (সিপিবি), ৫ নম্বর ওয়ার্ডে নাজিম উদ্দিন (আওয়ামী লীগ), ৬ নম্বর ওয়ার্ডে সিরাজ উদ্দিন (আওয়ামী লীগ), ৭ নম্বর ওয়ার্ডে মিছবাহ উদ্দিন (বিএনপি), ৮ নম্বর ওয়ার্ডে আব্দুল কাইয়ুম (আওয়ামী লীগ) এবং ৯ নম্বর ওয়ার্ডে আব্দুর রহমান (জামায়াত) নির্বাচিত হয়েছেন। সংরক্ষিত নারী কাউন্সিলর হিসেবে নির্বাচিত হয়েছেন ৪, ৫ ও ৬ নম্বর ওয়ার্ডে মালেকা বেগম এবং ৭, ৮ ও ৯ নম্বর ওয়ার্ডে রোশনা বেগম।