পুনরায় সাক্ষ্য গ্রহণ চান রাগীব আলীর ছেলে
সিলেটের তারাপুর চা-বাগান নিয়ে ভূমি মন্ত্রণালয়ের চিঠি জালিয়াতির মামলায় পুনরায় সাক্ষ্য গ্রহণ চেয়ে আদালতে আবেদন করেছেন রাগীব আলীর ছেলে আবদুল হাই। তাঁর আইনজীবীরা আজ রোববার সিলেট মহানগর মুখ্য বিচারিক হাকিম মো. সাইফুজ্জামান হিরোর আদালতে এ আবেদন করেন।
আজ আদালতে সাক্ষ্য দেন সিলেটের তৎকালীন সহকারী ভূমি কমিশনার এস এম আবদুল কাদের এবং মামলার বাদী ও রেজিস্ট্রার কার্যালয়ের সার্ভেয়ার মোশাররফ হোসেন। তাঁদের সাক্ষ্য দেওয়ার পর আসামিপক্ষ থেকে এমন আবেদন করা হয়। ওই আবেদনে এই মামলায় এখন পর্যন্ত সাক্ষ্য দেওয়া ১০ জন সাক্ষীর পুনরায় সাক্ষ্য গ্রহণের আরজি জানানো হয়। এই মামলায় মোট সাক্ষী ১৪ জন।
আদালতের অতিরিক্ত সরকারি কৌঁসুলি (এপিপি) মাহফুজুর রহমান প্রথম আলোকে বলেন, পুনরায় সাক্ষ্য গ্রহণের আবেদনের শুনানির জন্য আগামী মঙ্গলবার তারিখ ধার্য করেছেন আদালত।
আদালত-সংশ্লিষ্ট সূত্র জানায়, ২০০৫ সালের ২৭ সেপ্টেম্বর সংসদীয় স্থায়ী কমিটির নির্দেশনার পরিপ্রেক্ষিতে এ মামলা করা হয়েছিল। প্রথম দফায় পুলিশ তদন্ত করে মামলার চূড়ান্ত প্রতিবেদন দিয়ে নিষ্পত্তি করে। গত ১৯ জানুয়ারি সুপ্রিম কোর্টের আপিল বিভাগের পূর্ণাঙ্গ বেঞ্চ দেবোত্তর সম্পত্তির তারাপুর চা-বাগান পুনরুদ্ধারের রায় দেন। রায়ে ১৭টি নির্দেশনার মধ্যে মামলাটি পুনরায় তদন্ত করার নির্দেশ দেওয়া হলে পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন (পিবিআই) পুনরায় তদন্ত করে রাগীব আলী ও তাঁর ছেলে আবদুল হাইকে অভিযুক্ত করে অভিযোগপত্র দাখিল করে।
তারাপুর চা-বাগানের দখল নেওয়া রাগীব আলী ও তাঁর ছেলে আবদুল হাইয়ের বিরুদ্ধে ১০ আগস্ট গ্রেপ্তারি পরোয়ানা জারি করা হয়। ওই দিনই বাবা-ছেলে পালিয়ে ভারতে চলে যান। প্রায় তিন মাস পর গতকাল শনিবার দুপুরে আবদুল হাই ভারতের করিমগঞ্জ থেকে দেশে ফিরলে জকিগঞ্জ অভিবাসন পুলিশ তাঁকে গ্রেপ্তার করে। রাতেই তাঁকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়।