পুনরায় সাক্ষ্য গ্রহণ চান রাগীব আলীর ছেলে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সিলেটে দেবোত্তর সম্পত্তির তারাপুর চা-বাগান ভূমি মন্ত্রণালয়ের স্মারক (চিঠি) জালিয়াতির মামলায় সাক্ষ্য দেওয়া ১০ জন সাক্ষীর পুনরায় সাক্ষী দিতে আদালতে আবেদন করেছেন রাগীব আলীর ছেলে আবদুল হাইয়ের পক্ষের আইনজীবীরা। সিলেটের মহানগর মুখ্য বিচারিক হাকিম মো. সাইফুজ্জামান হিরোর আদালতে এ মামলার বাদী সিলেটের তৎকালীন সহকারী ভূমি কমিশনার ও মামলার বাদী এস এম আবদুল কাদের গতকাল রোববার সাক্ষ্য দেওয়ার পর এ আবেদন করেন।

আদালতের অতিরিক্ত সরকারি কৌঁসুলি মাহফুজুর রহমান প্রথম আলোকে বলেন, পুনরায় সাক্ষ্য গ্রহণের আবেদনের শুনানির জন্য কাল মঙ্গলবার তারিখ ধার্য করেছেন আদালত।

গত ১৯ জানুয়ারি সুপ্রিম কোর্টের আপিল বিভাগের পূর্ণাঙ্গ বেঞ্চ তারাপুর চা-বাগান পুনরুদ্ধারের রায় দেন। রায়ে ১৭টি নির্দেশনার মধ্যে এ মামলাটি পুনরায় তদন্ত করার নির্দেশ দেওয়া হলে পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন (পিবিআই) পুনরায় তদন্ত করে রাগীব আলী ও তাঁর ছেলে আবদুল হাইকে অভিযুক্ত করে অভিযোগপত্র দাখিল করা হয়। ১০ আগস্ট দুই আসামির বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি হলে ওই দিনই রাগীব আলী ও আবদুল হাই পালিয়ে ভারতে চলে যান। প্রায় তিন মাস পর গত শনিবার দুপুরে আবদুল হাই ভারতের করিমগঞ্জ থেকে সিলেটের জকিগঞ্জ হয়ে ফিরলে জকিগঞ্জ ইমিগ্রেশন পুলিশ তাঁকে গ্রেপ্তার করে। রাতে তাঁকে আদালতের মাধ্যমে জেলে পাঠানো হয়।

গতকাল মামলার বাদী ও রেজিস্ট্রার কার্যালয়ের সার্ভেয়ার মোশাররফ হোসেন মামলায় সাক্ষ্য দেন। এ নিয়ে মামলার ১৪ সাক্ষীর মধ্যে ১০ জনের সাক্ষ্য গ্রহণ হয়েছে। মামলার বাদী এই বলে সাক্ষ্য দেন যে, তিনি সরকারি স্বার্থ রক্ষায় মামলা করেছেন। মামলায় বর্ণিত সব অভিযোগের সত্যতা আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা পেয়েছেন বলে আসামিদের অভিযুক্ত করা হয়েছে। তিনি ন্যায়বিচারপ্রত্যাশী।