পুনরায় সাক্ষ্য নেওয়ার নির্দেশনা চেয়ে খালেদার আবেদন খারিজ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

জিয়া চ্যারিটেবল ট্রাস্ট দুর্নীতি মামলায় পুনরায় সাক্ষ্য নেওয়ার নির্দেশনা চেয়ে খালেদা জিয়ার করা আবেদন খারিজ করে দিয়েছেন হাইকোর্ট।
গতকাল বৃহস্পতিবার বিচারপতি এম ইনায়েতুর রহিম ও বিচারপতি জে বি এম হাসানের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ ওই আবেদনের শুনানি নিয়ে এ আদেশ দেন। একই সঙ্গে শপথ আইনের বিধান যথাযথভাবে অনুসরণ নিশ্চিত করতে আইনসচিব ও সুপ্রিম কোর্টের রেজিস্ট্রার জেনারেলকে নির্দেশ দেওয়া হয়েছে।
বিচারিক আদালতে বিচারের শেষ পর্যায়ে থাকা দুর্নীতি দমন কমিশনের (দুদক) করা ওই মামলায় আত্মপক্ষ সমর্থন করে খালেদা জিয়ার বক্তব্য উপস্থাপন পর্যায়ে রয়েছে। ২৬ জানুয়ারি খালেদা জিয়ার অসমাপ্ত বক্তব্য উপস্থাপনের দিন ধার্য আছে।
আইনজীবী সূত্র বলেছে, ওই মামলায় ৩২ জনের নেওয়া সাক্ষ্য বাতিল করে পুনরায় সাক্ষ্য নেওয়ার জন্য বিচারিক আদালতে আবেদন করা হলে গত ১ ডিসেম্বর তা খারিজ হয়। এর বিরুদ্ধে হাইকোর্টে গত ৬ ডিসেম্বর রিভিশন আবেদনটি করেন খালেদা জিয়া। এতে বলা হয়, সাক্ষ্য নেওয়ার ক্ষেত্রে যথাযথ বিধান অনুসরণ করা হয়নি। আইনের বিধান অনুসারে নতুন করে ৩২ জনের সাক্ষ্য নেওয়ার নির্দেশনা চাওয়ার পাশাপাশি এই আবেদনের নিষ্পত্তি না হওয়া পর্যন্ত মামলাটির কার্যক্রমে স্থগিতাদেশ চাওয়া হয়। গতকাল এ আবেদন খারিজ হয়।
আদালতে খালেদা জিয়ার পক্ষে শুনানিতে ছিলেন জ্যেষ্ঠ আইনজীবী এ জে মোহাম্মদ আলী, এম বদরুদ্দোজা ও রাগীব রউফ চৌধুরী। দুদকের পক্ষে শুনানিতে ছিলেন খুরশীদ আলম খান।
এম বদরুদ্দোজা বলেন, ভবিষ্যতে এ ধরনের মামলার ক্ষেত্রে ১৮৭৩ সালের শপথ আইনের বিধান অনুসরণ নিশ্চিত করতে আইনসচিব ও সুপ্রিম কোর্টের রেজিস্ট্রার জেনারেলকে একটি সার্কুলার জারি করতে নির্দেশ দেওয়া হয়েছে। হাইকোর্টের আদেশের বিরুদ্ধে আপিল বিভাগে আবেদন করা হবে বলে জানান তিনি।
২০১০ সালের ৮ আগস্ট তেজগাঁও থানায় মামলাটি করে দুদক। ২০১৪ সালের ১৯ মার্চ এই মামলায় খালেদা জিয়াসহ অপর আসামিদের বিরুদ্ধে অভিযোগ গঠন করা হয়। জিয়া চ্যারিটেবল ট্রাস্টের নামে অবৈধভাবে ৩ কোটি ১৫ লাখ ৪৩ হাজার টাকা লেনদেনের অভিযোগে করা এই মামলার পাশাপাশি জিয়া অরফানেজ ট্রাস্ট দুর্নীতির মামলার বিচারকাজ চলছে ঢাকার বকশীবাজারে আলিয়া মাদ্রাসাসংলগ্ন মাঠে ঢাকার বিশেষ জজ আদালত-৩-এর অস্থায়ী এজলাসে। এই মামলায় গতকাল বিচারিক আদালতে হাজির হন খালেদা জিয়া।