পুনরায় হজে যাওয়াদের বাড়তি টাকা দিতে হবে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

পুনরায় হজে যাওয়া ব্যক্তিদের ক্ষেত্রে সৌদি সরকার বাড়তি যে দুই হাজার রিয়াল (৪৪ হাজার টাকা) ধার্য করেছে, তা দিতেই হবে। এ টাকা মওকুফ বা কমানোর জন্য সৌদি কর্তৃপক্ষের সঙ্গে বৈঠক করে কোনো ফল পাওয়া যায়নি।

এ বিষয়ে জানতে চাইলে জেদ্দায় বাংলাদেশের কনসাল জেনারেল এফ এম বোরহান উদ্দীন গতকাল বৃহস্পতিবার সন্ধ্যায় মুঠোফোনে প্রথম আলোকে বলেন, অতিরিক্ত দুই হাজার রিয়াল কমানো যায় কি না, তা নিয়ে গত বুধবার সৌদি পররাষ্ট্র মন্ত্রণালয়ের জ্যেষ্ঠ কর্মকর্তাদের সঙ্গে আলোচনা হয়েছে। সৌদি আরবের পক্ষ থেকে বলা হচ্ছে, গত তিন বছরে দ্বিতীয়বার হজ কিংবা ওমরাহ পালনে আগ্রহী ব্যক্তিদের কাছ থেকে বাড়তি দুই হাজার রিয়াল নেওয়ার সিদ্ধান্ত কার্যকর হয়েছে গত বছরের অক্টোবরে। সুষ্ঠুভাবে হজ ব্যবস্থাপনার স্বার্থে বিপুলসংখ্যক ধর্মপ্রাণ লোকজনের একসঙ্গে আসা নিরুৎসাহিত করা ও আয়ের বিষয়টিকে বিবেচনায় নিয়ে সৌদি সরকার এ সিদ্ধান্ত নিয়েছে। সব মুসলিম দেশের জন্য এই সিদ্ধান্ত হওয়ায় তা কমানোর সুযোগ নেই।

এ বিষয়টি ধর্ম মন্ত্রণালয়ের পক্ষ থেকে সংশ্লিষ্ট সবাইকে জানানো হয়েছে বলে গতকাল সচিবালয়ে এক সংবাদ সম্মেলনে জানিয়েছেন ধর্মমন্ত্রী মতিউর রহমান। তিনি ভিসাসংক্রান্ত জটিলতায় হজযাত্রা নিয়ে সৃষ্ট অনিশ্চয়তার জন্য হজ এজেন্সিগুলোকে দায়ী করেছেন। দায়ী এজেন্সিগুলোর বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার ঘোষণা দিয়েছেন। মন্ত্রী বলেন, ‘লাইসেন্স বাতিল, জরিমানাসহ আরও ব্যবস্থা নেওয়া হবে। কাউকে ক্ষমা করা হবে না।’

জানতে চাইলে হজ এজেন্সিস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশের (হাব) মহাসচিব শাহাদাত হোসাইন তসলিম প্রথম আলোকে বলেন, ভিসা জটিলতার জন্য হজ এজেন্সি দায়ী, এ কথা ঠিক নয়। অনলাইনে পূরণ করা ভিসার আবেদনপত্র প্রিন্ট করতে সমস্যা হচ্ছে। তিনি দাবি করেন, যাঁরা গত দুই বছরে হজ করেছেন, তাঁদের আবার হজ করতে অতিরিক্ত দুই হাজার রিয়াল দিতে হবে, এটা এজেন্টরা জানত না।

প্রসঙ্গত, এবার ভিসা জটিলতাসহ কয়েকটি কারণে উদ্বেগে পড়েছেন অনেক হজযাত্রী। হজযাত্রী-সংকটের কারণে ইতিমধ্যে বাংলাদেশ বিমানের ১৩টি হজ ফ্লাইট বাতিল করা হয়েছে। সৌদি এয়ারলাইনস বাতিল করেছে তিনটি ফ্লাইট।

এ বছর বাংলাদেশ থেকে হজ পালন করতে সৌদি আরবে যাবেন ১ লাখ ২৭ হাজার ১৯৮ জন। গত ২৪ জুলাই থেকে বাংলাদেশ হজযাত্রী পরিবহন শুরু হয়েছে। ধর্মমন্ত্রী জানিয়েছেন, গতকাল পর্যন্ত ৫২ হাজার ৬০০ জন হজযাত্রীর ভিসা হয়েছে। তাঁদের মধ্যে গতকাল পর্যন্ত ৩২ হাজার ৫০৪ জন হজযাত্রী সৌদি আরবে পৌঁছেছেন। মন্ত্রী আশা করেন সবাইকে হজ করাতে পারবেন।