পুনরুদ্ধারে মরিয়া বিএনপি, ধরে রাখার চেষ্টায় আ.লীগ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

আগামী সংসদ নির্বাচনে সিরাজগঞ্জ-৩ (রায়গঞ্জ-তাড়াশ) আসনটি উদ্ধারে মরিয়া ১৮-দলীয় জোটের প্রধান দল বিএনপি। অন্যদিকে সাফল্যের ধারাবাহিকতা ধরে রাখতে আপ্রাণ চেষ্টা করে যাচ্ছে ক্ষমতাসীন ১৪-দলীয় জোটের প্রধান দল আওয়ামী লীগ। জোটের প্রধান দুই দলের ১০ জন সম্ভাব্য প্রার্থী চষে বেড়াচ্ছেন পুরো নির্বাচনী এলাকা।
১৪ দলের মনোনয়ন পেতে কাজ করে যাচ্ছেন বর্তমান সাংসদ গাজী ইসহাক হোসেন তালুকদার। তিনি বলেন, এ আসনে প্রার্থী বদল করেও ফল অনুকূলে না আসায় ২০০৮ সালের নির্বাচনে তাঁকে মনোনয়ন দেওয়া হয়। বড় ব্যবধানে জনগণ নৌকা মার্কাকে বিজয়ী করে। আসন্ন নির্বাচনে তাঁকে প্রার্থী করা হলে নৌকাকে আবারও জনগণ বিপুল ভোটে নির্বাচিত করবে বলে তিনি আশা করেন। এ ছাড়া আওয়ামী লীগের মনোনয়ন পেতে মাঠে সক্রিয় আছেন বাংলাদেশ কৃষক লীগের কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক সাখাওয়াত হোসেন, সিরাজগঞ্জ জেলা আওয়ামী লীগের সদস্য লুৎফর রহমান, তাড়াশ উপজেলা পরিষদের চেয়ারম্যান আমজাদ হোসেন, কেন্দ্রীয় মহিলা আওয়ামী লীগের নেত্রী রিটা কে আফজাল ও হিন্দুধর্মীয় কল্যাণ ট্রাস্টের সদস্য স্বপন কুমার রায়।
১৮-দলীয় জোটের মনোনয়ন পেতে কাজ করে যাচ্ছেন সাবেক সাংসদ আবদুল মান্নান তালুকদার। তিনি ১৯৯১, ১৯৯৬ ও ২০০১ সালে ধানের শীষ প্রতীক নিয়ে নির্বাচন করে জয়লাভ করেন। এবারও তাঁকে মনোনয়ন দেওয়া হলে বিজয়ের আশাবাদ ব্যক্ত করে তিনি বলেন, রায়গঞ্জ-তাড়াশ এলাকার মানুষ আর ভুল করতে রাজি নন।
এ ছাড়া ধানের শীষ প্রতীক নিয়ে নির্বাচন করতে মাঠে কাজ করে যাচ্ছেন তাড়াশ উপজেলা বিএনপির সভাপতি ও বেসরকারি উন্নয়ন সংস্থা জিকেএসের নির্বাহী পরিচালক খন্দকার সেলিম জাহাঙ্গীর, বিএনপির কেন্দ্রীয় কমিটির গ্রাম সরকারবিষয়ক সম্পাদক ও জেলা কৃষক দলের সভাপতি সাইফুল ইসলাম, রায়গঞ্জ উপজেলা যুবদলের সভাপতি আয়নুল হক।
রায়গঞ্জ উপজেলা আওয়ামী লীগের সভাপতি জিন্নাহ আল মাজী বলেন, প্রধানমন্ত্রীর সঙ্গে সাক্ষাতের সময় যে তিনজন প্রার্থীর নাম দেওয়া হয়েছে, তার মধ্যে এক নম্বরে আছে বর্তমান সাংসদ গাজী ইসহাক হোসেন তালুকদারের নাম। তাড়াশ উপজেলা ও সলঙ্গা থানা কমিটিও এভাবে নাম দিয়েছে বলে জানা যায়।
রায়গঞ্জ উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক শামসুল ইসলাম বলেন, ‘নেত্রী আমাদের সাবেক সাংসদ আবদুল মান্নান তালুকদারের পক্ষে কাজ করার নির্দেশ দিয়েছেন।’