পুনর্জীবন পাচ্ছে জোহাখালী নদী
রাজশাহীর পবা উপজেলার ভরাট হয়ে যাওয়া ছোট নদী জোহাখালীকে পুনর্জীবিত করা হচ্ছে। রাজশাহীর বরেন্দ্র বহুমুখী উন্নয়ন কর্তৃপক্ষ (বিএমডিএ) এ নদীটি খননের উদ্যোগ নিয়েছে। গতকাল শনিবার উপজেলার মড়মড়াহাট এলাকায় আনুষ্ঠানিকভাবে এ নদীর খননকাজের উদ্বোধন করেন রাজশাহী-৩ (পবা-মোহনপুর) আসনের সাংসদ মেরাজ উদ্দিন মোল্লা।বিএমডিএ সূত্রে জানা গেছে, এ নদী খননে ব্যয় হবে প্রায় সাড়ে পাঁচ কোটি টাকা। ১৬ থেকে ১৭ কিলোমিটার দীর্ঘ এ নদীটি উপজেলার হরিপুর এলাকায় পদ্মা নদী থেকে উৎপত্তি হয়ে উপজেলার বাগধানীতে বারনই নদের সঙ্গে মিশেছে। উপজেলার বিল নেপাল পাড়া গ্রামের কৃষক নূরুল আমিন বলেন, ছোটবেলায় এ নদীতে তাঁরা বারো মাসই পানি থাকতে দেখেছেন। নদীতে নৌকা চলাচল করেছে। এখন বর্ষা শেষ হলে নদীতে আর পানি থাকে না।পবা উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) রাজ্জাকুল ইসলাম বলেন, খননকাজ শেষ হলে সারা বছর নদীতে পানি থাকবে। এতে উপজেলার প্রায় ৫০০ হেক্টর জমিতে সেচ দেওয়ার ব্যবস্থা হবে। তা ছাড়া নদীতে পানি থাকার কারণে জীববৈচিত্র্য রক্ষা পাবে। সব পানি যাতে নদীর ভাটিতে নেমে না যায়, সে জন্য এর ভেতরে চার-পাঁচটি ক্রসড্যাম তৈরি করা হবে। বিএমডিএর পবা উপজেলার সহকারী প্রকৌশলী সেলিম রেজা বলেন, গড়ে প্রায় ২১ মিটার চওড়া করে নদীর তলদেশ খনন করা হবে। আগামী মে মাসের মধ্যেই এর খননকাজ শেষ হবে বলে তাঁরা আশা করছেন।