পুনর্নিরীক্ষণে কৃতকার্য হলো ১৬ জন শিক্ষার্থী

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

চট্টগ্রাম বোর্ডের অধীনে গত বছর অনুষ্ঠিত জুনিয়র স্কুল সার্টিফিকেট পরীক্ষায় (জেএসসি) ১৬ জন অকৃতকার্য পরীক্ষার্থী কৃতকার্য হয়েছে। উত্তরপত্র পুনর্নিরীক্ষণের পর তারা কৃতকার্য হয়। গত বুধবার পুনর্নিরীক্ষণের ফলাফল প্রকাশিত হয়।
চট্টগ্রাম বোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রক পীযূষ দত্ত প্রথম আলোকে বলেন, ‘বিগত বছরের তুলনায় পুনর্নিরীক্ষণে ফলাফল পরিবর্তনের হার অনেক কমে এসেছে। আমরা চাই ভুলের পরিমাণ শূন্যের কোটায় নেমে আসুক।’
বোর্ড সূত্র জানায়, পুনর্নিরীক্ষণে ৮১ জন পরীক্ষার্থীর ফলাফল পরিবর্তন হয়েছে। এর মধ্যে ১৬ জন অকৃতকার্য পরীক্ষার্থী পাস করেছে। এদের মধ্যে দুজনসহ মোট ২৯ জন পরীক্ষার্থী নতুন করে জিপিএ-৫ পেয়েছে। এ ছাড়া একাধিক বিষয়ে অকৃতকার্য হয়েছে এমন একজন পরীক্ষার্থী পুনর্নিরীক্ষণে একটি বিষয়ে পাস করেছে। কিন্তু সার্বিকভাবে কৃতকার্য হতে পারেনি। এর বাইরে বাকিদের শুধু গ্রেডের পরিবর্তন হয়েছে। সূত্র জানায়, দুই হাজার ৪৯৯ জন পরীক্ষার্থী পুনর্নিরীক্ষণের জন্য আবেদন করে। তাদের মধ্যে একজনের একাধিক বিষয়ের জন্য আবেদন ছিল। সেই হিসাবে মোট চার হাজার ৪৭৫টি উত্তরপত্র পুনর্নিরীক্ষণের আবেদন জমা পড়ে।