পুনর্নিরীক্ষণে পাস করেছে ৩০ জন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

চলতি বছর চট্টগ্রাম বোর্ডের অধীনে অনুষ্ঠিত মাধ্যমিক (এসএসসি) পরীক্ষায় উত্তরপত্র পুনরায় নিরীক্ষণে ৩০ জন অকৃতকার্য পরীক্ষার্থী পাস করেছে। তাদের মধ্যে একজন জিপিএ-৫ পেয়েছে। উত্তরপত্র নিরীক্ষণকারী শিক্ষকদের অমনোযোগিতা ও ভুলের কারণেই এভাবে ফলাফল পরিবর্তিত হয়েছে বলে জানা যায়। পুনর্নিরীক্ষণের জন্য গত ৮ থেকে ১৭ মে পর্যন্ত সরকারি মুঠোফোন প্রতিষ্ঠান টেলিটকের মাধ্যমে পরীক্ষার্থীদের কাছ থেকে আবেদনপত্র সংগ্রহ করা হয়। চট্টগ্রাম বোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রক পীযূষ দত্ত প্রথম আলোকে বলেন, ‘পুনর্নিরীক্ষণে ফলাফল পরিবর্তনের বিষয়ে কিছু শিক্ষকের অসাবধানতাকেই দায়ী করতে হয়। এ কারণেই প্রতিবছর এ ধরনের সমস্যার সৃষ্টি হয়। অভিযুক্ত শিক্ষকদের শাস্তির আওতায় আনা হচ্ছে।’ বোর্ড সূত্রে জানা যায়, এ বছর পাঁচ হাজার ৫১৬ জন পরীক্ষার্থী পুনর্নিরীক্ষণের জন্য আবেদন করে। তাদের মধ্যে অনেকেই একাধিক বিষয়ের জন্য আবেদন করেছিল। সেই হিসাবে আবেদন জমা পড়ে ১১ হাজার ৪০৯টি। নিরীক্ষণের পর ১০৮ জন পরীক্ষার্থীর ফলাফল পরিবর্তন হয়। এর মধ্যে ছয়জন ছাড়া বাকি ১০২ জনের গ্রেড পয়েন্ট পরিবর্তন হয়েছে। এতে নতুন করে ১০ জন পরীক্ষার্থী জিপিএ-৫ পেয়েছে। ১৪ জন পেয়েছে গোল্ডেন জিপিএ-৫। এর ফলে চট্টগ্রাম বোর্ডে এ বছর জিপিএ-৫ পাওয়া শিক্ষার্থীর সংখ্যা বেড়ে দাঁড়াল পাঁচ হাজার ১৩১। এর আগে তা ছিল পাঁচ হাজার ১২১। সূত্রমতে, পুনর্নিরীক্ষণে ছয়জন পরীক্ষার্থীর ফলাফলে কোনো পরিবর্তন আসেনি। তারা তিন থেকে চারটি বিষয়ে অকৃতকার্য ছিল। নিরীক্ষণে তাদের কেউ তিনটি অথবা একটি-দুটি বিষয়ে কৃতকার্য হলেও সব বিষয়ে কেউ-ই পাস করেনি। অপরদিকে গোল্ডেন জিপিএ-৫ পাওয়ার আশায় আবেদনকারী ২৩ জন পরীক্ষার্থীর ফলাফলও প্রায় অপরিবর্তিত থাকে। তারা সবাই জিপিএ-৫ পেয়েছিল। তাদের প্রাপ্ত নম্বরের সঙ্গে দু-তিন নম্বর করে যোগ হলেও তা কাঙ্ক্ষিত নম্বর ছুঁতে পারেনি। ফলে তাদেরও ফলাফল একই রকম থেকে যায়। একেকজন একাধিক আবেদন করলেও কারওই দুই বিষয়ের ফলাফলে পরিবর্তন হয়নি। উল্লেখ্য, গত বছর চট্টগ্রাম বোর্ডে পুনর্নিরীক্ষণের জন্য আট হাজার ৩০টি আবেদন জমা পড়ে। এর মধ্যে মূল আবেদনকারী ছিল প্রায় সাড়ে তিন হাজার। সে বছর ১০৫ জনের ফলাফল পরিবর্তন হয়েছিল।