পুনর্নিরীক্ষণে পাস করেছেন ৬৪ জন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

চলতি বছরের এইচএসসি পরীক্ষার প্রকাশিত ফলাফলে অকৃতকার্য হয়েছিলেন বিজ্ঞান বিভাগের পরীক্ষার্থী এস এম ফখরুল ইসলাম কাউসার। পরে পুনর্নিরীক্ষণের আবেদন করেন কুয়াইশ বুড়িশ্চর শেখ মোহাম্মদ সিটি করপোরেশন কলেজের এ পরীক্ষার্থী। পুনর্নিরীক্ষণের ফলাফলে কৃতকার্য হয়েছেন তিনি।
গতকাল মঙ্গলবার সকালে পুনর্নিরীক্ষণের ফল প্রকাশ করে চট্টগ্রাম শিক্ষা বোর্ড। পুনর্নিরীক্ষণের ফলাফলে তাঁর মতো ফল পরিবর্তন হয়েছে মোট ২১৯ জনের। এর মধ্যে অকৃতকার্য থেকে কৃতকার্য হয়েছেন ৬৪ জন। জিপিএ পরিবর্তন হয়েছে ১৩১ জনের। নতুন করে জিপিএ-৫ পেয়েছেন ১৩ জন শিক্ষার্থী।
শিক্ষা বোর্ড সূত্র জানায়, ৯ হাজার ৯৬১ জন এইচএসসি পরীক্ষার্থী ৩৫ হাজার ৩৮৭টি উত্তরপত্র পুনর্নিরীক্ষণের জন্য আবেদন করেছিল।
চট্টগ্রাম শিক্ষা বোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রক মোহাম্মদ মাহবুব হাসান প্রথম আলোকে বলেন, যেসব শিক্ষক উত্তরপত্র মূল্যায়নে অবহেলা এবং অমার্জনীয় ভুল করেছেন তাঁদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে।
এ বছর এইচএসসি পরীক্ষায় চট্টগ্রাম শিক্ষা বোর্ডের অধীনে ২১৭টি কলেজ থেকে ৮০ হাজার ৭৬৫ পরীক্ষার্থী অংশ নেয়। এর মধ্যে পাস করেন ৫১ হাজার ২৪৩ জন। পাসের হার ৬৩ দশমিক ৪৯ শতাংশ।