পুনর্নিরীক্ষণে ১৪ জন উত্তীর্ণ!

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

১৪ জন মাধ্যমিক পরীক্ষার্থীর ভাগ্যের পরিবর্তন ঘটেছে। চলতি বছরের মাধ্যমিক পরীক্ষার ফলাফলে এরা সবাই ফেল করেছিল। কিন্তু উত্তরপত্র পুনর্নিরীক্ষণে দেখা গেল তারা পাস করেছে।
১৫ জুন চট্টগ্রাম বোর্ডের অধীনে অনুষ্ঠিত মাধ্যমিক পরীক্ষার (এসএসসি) পুনর্নিরীক্ষণের ফলাফল ঘোষণা করা হয়। গত ১৮ মে থেকে ২৪ মে পর্যন্ত পরীক্ষার্থীদের কাছে উত্তরপত্র পুনর্নিরীক্ষণের জন্য আবেদন চাওয়া হয়।
অভিযোগ রয়েছে, পরীক্ষকদের অমনোযোগের কারণে প্রতিবছরই উত্তরপত্র পুনর্নিরীক্ষণে অনেকের ফলাফল পরিবর্তন হয়। তাঁরা প্রথমেই সঠিক এবং নির্ভুলভাবে নম্বর গণনা করলে এভাবে ফলাফল বিপর্যয়ের পুনরাবৃত্তি ঘটত না।
এ প্রসঙ্গে চট্টগ্রাম বোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রক পীযূষ দত্ত প্রথম আলোকে বলেন, ‘দিন দিন ভুলের পরিমাণ কমে আসছে৷ এ বছরও ভুলের পরিমাণ আগের বছরের তুলনায় কম হয়েছে। আমরা পরীক্ষকদের আরও সতর্ক হতে অনুরোধ জানিয়েছি। হয়তো অনিচ্ছা সত্ত্বেও মাঝেমধ্যে ভুল হয়ে যাচ্ছে। আর সেটা সংশোধনের জন্যই পুনর্নিরীক্ষণের বিধান রয়েছে।’
বোর্ড সূত্রে জানা যায়, এ বছর মোট পাঁচ হাজার ৮৩২ জন পরীক্ষার্থী উত্তরপত্র পুনর্নিরীক্ষণের জন্য আবেদন করে৷ একজন একাধিক বিষয়ের জন্য আবেদন করে, সেই হিসাবে এবারে উত্তরপত্রের সংখ্যা ছিল ১১ হাজার ৯২৭টি।
পুনর্নিরীক্ষণের ফলাফল বিশ্লেষণে দেখা যায়, এ বছর ২৬২ জনের নম্বর পরিবর্তন হয়েছে। এর মধ্যে ফলাফল পরিবর্তন হয়েছে শুধু ১১৩ জনের। এদের মধ্যে ১৪ জন পাস করেছে। জিপিএ-৫ পেয়েছে ২১ জন। বাকিরা বাড়তি নম্বর পেলেও তা তাদের ফলাফলের ওপর কোনো প্রভাব ফেলেনি।
বোর্ডের গত বছরের পুনর্নিরীক্ষণের ফলাফলের তুলনায় এ বছর অবশ্য নতুন করে পাশের সংখ্যা কমেছে। অপর দিকে জিপিএ-৫ বেড়েছে৷ এ বছর পুনর্নিরীক্ষণের জন্য পাঁচ হাজার ২৪ জনের আবেদন জমা পড়ে। উত্তরপত্রের সংখ্যা ছিল েমাট ১২ হাজার ৯৮টি।
পুনর্নিরীক্ষণে পরে ২৩০ জনের নম্বর পরিবর্তন হয়। এর মধ্যে ফলাফল পরিবর্তন হয়েছিল ১০৯ জনের। এদের মধ্যে ২৮ জন নতুন করে পাস করে৷ ১৬ জন জিপিএ-৫ এবং চারজন গোল্ডেন জিপিএ পেয়েছিল। দুজনের ফলাফল আংশিক পরিবর্তন হলেও তারা পাস করতে পারেনি। কারণ, এরা প্রথমে দুটি বিষয়ে ফেল করেছিল। পুনর্নিরীক্ষণের পর শুধু একটিতে পাস করে।