পুনর্নিরীক্ষণে ১৯১ পরীক্ষার্থীর ফল পরিবর্তন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

চট্টগ্রাম শিক্ষা বোর্ডের এসএসসির ফলের পুনর্নিরীক্ষণের ফল আজ শনিবার সকালে প্রকাশ হয়েছে। যাচাই-বাছাইয়ের পর ১৯১ পরীক্ষার্থীর ফল পরিবর্তন হয়েছে। নতুন করে পাস করেছে ৪৪ শিক্ষার্থী। এ নিয়ে এ বোর্ডে মোট পাস করেছে ৭৩ হাজার ২৬৫ জন।

চট্টগ্রাম শিক্ষা বোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রক মোহাম্মদ মাহবুব হাসান প্রথম আলোকে বলেন, প্রধান পরীক্ষকের দায়িত্বে থাকা চট্টগ্রাম শহরের সরকারি বিদ্যালয়গুলোর অনেক শিক্ষক যথাযথ দায়িত্ব পালন করেননি। অন্যান্য বারের তুলনায় এবার বেশি ভুল-ত্রুটি হয়েছে। পরীক্ষকদের দায়িত্ব অবহেলার বিষয়টি বোর্ডের শৃঙ্খলা কমিটির বৈঠকে উপস্থাপন করা হবে। যাতে দায়ীদের বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা নেওয়া যায়।

শিক্ষা বোর্ড সূত্রে জানা গেছে, এসএসসি পরীক্ষার ফল পুনর্নিরীক্ষণের জন্য এবার আবেদন করেছিল ৯ হাজার ৭৮৬ পরীক্ষার্থী। তারা ২২ হাজার ৫২৩টি উত্তরপত্র পুনর্নিরীক্ষণের জন্য গত ৩১ মে থেকে ৬ জুন পর্যন্ত আবেদন করে। সবচেয়ে বেশি আবেদন জমা পড়ে গণিত বিষয়েরে জন্য। এ বিষয়ে ৪ হাজার ২৮৬টি আবেদন জমা পড়ে।

আজকের নতুন ফলে দেখা যায়, অকৃতকার্য থেকে পাস করেছে ৪৪ জন (দুজন জিপিএ-৫) ; জিপিএ-৫ থেকে জিপিএ-৫ পেয়েছে ৫৪ জন (২৩ জন গোল্ডেন জিপিএ-৫), জিপিএ পরিবর্তন হয়েছে ৮৮ জনের, অকৃতকার্য থেকে অকৃতকার্য ৫ জন।

চট্টগ্রাম শিক্ষা বোর্ডের কলেজ পরিদর্শক সুমন বড়ুয়া প্রথম আলোকে জানান, পুনর্নিরীক্ষণের পর ফল পরিবর্তন হওয়া পরীক্ষার্থীরা কলেজে ভর্তির জন্য ২১ জুন (রোববার রাত ১১টা ৫৯ মিনিট) পর্যন্ত আবেদন করতে পারবে। এ ছাড়া ইতিমধ্যে যারা আবেদন করেছে, তারা চাইলে কলেজের পছন্দক্রম পরিবর্তন করতে পারবে।