বরিশাল মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক শিক্ষা বোর্ডের ফলাফল ১২ মে ঘোষণার পর এক বা একাধিক বিষয়ে অকৃতকার্য হওয়া শিক্ষার্থীদের মধ্যে ৭০ জনের ফলাফল পরিবর্তন হয়েছে। এর মধ্যে জিপিএ-৫ পেয়েছে ১২ জন। গত শনিবার দুপুরে শিক্ষা বোর্ডের ওয়েবসাইটে এই ফলাফল প্রকাশ করা হয়।শিক্ষা বোর্ড সূত্রে জানা যায়, এসএসসি পরীক্ষার ফল প্রকাশের পর এক বিষয় এবং পাস করা একাধিক বিষয় পুনর্নিরীক্ষণের জন্য ছয় হাজার ৮৪৯ জন শিক্ষার্থী আবেদন করে। আবেদনের পরিপ্রেক্ষিতে শিক্ষা বোর্ড বিশেষ কমিটি গঠন করে ওই সব খাতা পুনর্নিরীক্ষণ করে। এতে ৭০ জন শিক্ষার্থীর ফলাফলে পরিবর্তন এসেছে। ফলাফল পুনর্নিরীক্ষণের পর অকৃতকার্য থেকে কৃতকার্য হয়েছে ২৮ জন শিক্ষার্থী এবং ৪২ জনের গ্রেড (সিজিপিএ) পরিবর্তন হয়েছে। এর মধ্যে জিপিএ-৫ পেয়েছে ১২ জন।শিক্ষা বোর্ডের পরীক্ষা দপ্তর সূত্রে জানা যায়, অনেক পরীক্ষক বোর্ডের নিয়ম অনুযায়ী উত্তরপত্র মূল্যায়ন না করায় এ রকম অবস্থার সৃষ্টি হয়েছে। বাণিজ্য বিভাগে সমস্যা হয়েছে সবচেয়ে বেশি। এর মধ্যে অকৃতকার্য থেকে কৃতকার্য হয়েছে অনেক শিক্ষার্থী। বাকিদের গ্রেড পরিবর্তন হয়েছে।বরিশাল শিক্ষা বোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রক মো. দেলোয়ার হোসেন হাওলাদার বলেন, যেসব পরীক্ষক এ জন্য দায়ী, তাঁরা আগামী দুই বছর পরীক্ষক হওয়ার সুযোগ পাবেন না। এমনকি বোর্ডের কোনো দায়িত্বও তাঁদের দেওয়া হবে না। শিক্ষা বোর্ডের চেয়ারম্যান বিমল কৃষ্ণ মজুমদার বললেন, ‘স্বচ্ছতার ভিত্তিতেই পুনর্নিরীক্ষা সম্পন্ন করা হয়েছে। এ ব্যাপারে অভিযুক্ত পরীক্ষকদের কালো তালিকাভুক্ত করে ব্যবস্থা গ্রহণ করা হবে।’