ঈদের আগেই কুমিল্লা শিক্ষা বোর্ডের এবারের এইচএসসি পরীক্ষার পুনর্নিরীক্ষণের ফল প্রকাশিত না হলে শিক্ষার্থীরা মেডিকেল কলেজ, বুয়েটসহ বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষার প্রতিযোগিতায় পিছিয়ে পড়বেন। তাই দ্রুত ফল প্রকাশ করে হতাশাগ্রস্ত শিক্ষার্থীদের শিক্ষাজীবন নিশ্চিত করার দাবি জানিয়েছেন ভুক্তভোগীরা। গতকাল শনিবার দুপুরে প্রথম আলোর কুমিল্লা অফিসে এসে তাঁরা এ দাবি জানান।শিক্ষার্থী আবুল হোসেন, সুজিত দাস, সুদীপ চন্দ্র পাল, আশিক রহমান, অনিক দত্ত ও মোহাম্মদ সুমন জানান, গত ২৭ জুলাই তাঁদের এইচএসসি পরীক্ষার ফল প্রকাশিত হয়। এরপর কাঙ্ক্ষিত ফল না পেয়ে তাঁরা পুনর্নিরীক্ষণের জন্য আবেদন করেন। কিন্তু আজ পর্যন্ত ওই ফল প্রকাশ করা হয়নি। তাই মেডিকেল কলেজ, বুয়েট ও বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের ভর্তি ফরম পূরণে বেগ পেতে হচ্ছে। তাঁরা বলেন, ‘আগামী ৫ সেপ্টেম্বরের মধ্যে আমাদের মেডিকেলের ভর্তি ফরম পূরণ করতে হবে। কিন্তু কুমিল্লা শিক্ষা বোর্ড আমাদের আবেদনে সাড়া দিয়ে এখন পর্যন্ত পুনর্নিরীক্ষণের ফল প্রকাশ করেনি। অবিলম্বে তা প্রকাশের দাবি জানাচ্ছি।’শিক্ষা বোর্ডের উচ্চমাধ্যমিক বিভাগের শাখা কর্মকর্তা আবদুল খালেক বলেন, এ বছর আট হাজারের কিছু বেশি পরীক্ষার্থী পুনর্নিরীক্ষণের জন্য আবেদন করেছেন। শিগগিরই তাঁদের ফল টেলিটকের মাধ্যমে পৌঁছে যাবে।বোর্ডের চেয়ারম্যান কুন্ডু গোপীদাস বলেন, ঈদের আগেই পুনর্নিরীক্ষণের ফল প্রকাশ করা হবে।