পুনর্নিরীক্ষণের ফলে হাসি ফুটল জেরিনের

চিটাগাং আইডিয়াল হাইস্কুলের পটিয়া শাখা থেকে চলতি বছর এসএসসি পরীক্ষায় অংশ নেয় জেরিন সুলতানা। ৪ মে ফল ঘোষণার পর মাথায় আকাশ ভেঙে পড়ে তার। সব বিষয়ে ৮০ শতাংশের বেশি (এ প্লাস) নম্বর পেলেও ইসলাম ও নৈতিক শিক্ষায় পায় মাত্র ৩২ নম্বর। বিদ্যালয়ের সব পরীক্ষায় প্রথম হওয়া মেধাবী ছাত্রীর এমন ফলে হতবাক তার অভিভাবক ও শিক্ষকেরাও।
‘অবিশ্বাস্য’ এ ফল দেখে ওই দিনই সান্ত্বনা দিতে ছাত্রীর বাড়িতে ছুটে যান বিদ্যালয়ের শিক্ষকেরা। তাঁরা পুনর্নিরীক্ষণের আবেদন করার পরামর্শ দেন। অবশেষে পুনর্নিরীক্ষণে কাঙ্ক্ষিত ফলই পেয়েছে জেরিন সুলতানা। এর সঙ্গে অবসান ঘটেছে তার উৎকণ্ঠারও। গতকাল মঙ্গলবার প্রকাশিত ফলে দেখা যায়, ইসলাম ও নৈতিক শিক্ষায় জেরিন পেয়েছে ৯২ নম্বর। অকৃতকার্য থেকে পাস তো করেছেই, সঙ্গে পেয়েছে জিপিএ-৫।
গতকাল দুপুরে চট্টগ্রাম শিক্ষা বোর্ডের ওয়েবসাইটে পুনর্নিরীক্ষণের ফল প্রকাশ করা হয়। জেরিন সুলতানার মতো জিপিএ-৫ না পেলেও চট্টগ্রাম শিক্ষা বোর্ডে অকৃতকার্য থেকে পাস করেছে আরও ৫১ পরীক্ষার্থী।
চট্টগ্রামের পটিয়া উপজেলার দক্ষিণ হুলাইন গ্রামের মাওলানা সোলায়মানের বাড়ির মৃত কামাল উদ্দিনের দুই মেয়ে ও এক ছেলের মধ্যে দ্বিতীয় জেরিন। গতকাল পুনর্নিরীক্ষণের ফল প্রকাশের পর উচ্ছ্বসিত বাড়ির সবাই। সবচেয়ে স্বস্তি পেয়েছেন মা মরিয়ম বেগম। গত ২৬টি দিন চরম উৎকণ্ঠা আর দুশ্চিন্তায় কেটেছে তাঁর।
গতকাল বিকেলে মুঠোফোনে মরিয়ম বেগম প্রথম আলোকে বলেন, ‘প্রথম ফল প্রকাশের পর মেয়ের অবস্থা তো খুবই খারাপ হয়ে গিয়েছিল। আমিও টেনশনের মধ্যে ছিলাম। এত ভালো ছাত্রী। সব সময় প্রথম হয়। পরীক্ষায় একটু কম নম্বর পেলে কান্নায় ভেঙে পড়ত। সে কিনা ফেল করল এসএসসি পরীক্ষায়। কোনোভাবেই মানতে পারছিলাম না। বিদ্যালয়ের শিক্ষকেরা মেয়ের পাশে ছিলেন। নতুন ফল পেয়ে এখন কী যে খুশি হয়েছি, তা বলে বোঝাতে পারব না।’
ভবিষ্যতে প্রকৌশলী হতে ইচ্ছুক জেরিন প্রথম আলোকে বলে, ‘ফেল করব তা স্বপ্নেও ভাবিনি। এখন প্রত্যাশিত ফল পাওয়ায় খুশি।’
চিটাগাং আইডিয়াল হাইস্কুল সূত্র জানায়, বিদ্যালয়ের পটিয়া শাখা থেকে ৬৭ শিক্ষার্থী পরীক্ষায় অংশ নেয়। প্রথমবারের ফলাফলে উত্তীর্ণ হয় ৬৬ জন। বিদ্যালয়ের প্রধান শিক্ষক শাহিদা নাসরিন বলেন, ‘অকৃতকার্য হওয়ায় অভিমানে জেরিন কোনো দুর্ঘটনা ঘটায় কিনা তা নিয়ে সবাই চিন্তিত ছিলাম। শিক্ষক ও বন্ধুরা তার সঙ্গে দেখা করে নিয়মিত সান্ত্বনা দিত। এখন সে জিপিএ-৫ পাওয়ায় সবাই খুব খুশি হয়েছে।’
ফল পরিবর্তন ৬৬৬ পরীক্ষার্থীর
এবার চট্টগ্রাম বোর্ডের ২১ হাজার ৯৩৯ পরীক্ষার্থী মোট ৫৭ হাজার ৮১৪টি উত্তরপত্র পুনর্নিরীক্ষণের জন্য আবেদন করে। ১১ মে ছিল আবেদনের শেষ দিন।
বোর্ড সূত্র জানায়, এবার ফেল থেকে পাস করেছে ৫২ পরীক্ষার্থী। গ্রেড পরিবর্তন হয়েছে ৬১৪ শিক্ষার্থীর। তাদের মধ্যে নতুন করে জিপিএ-৫ পেয়েছে ৬৭ জন। এতে চট্টগ্রাম বোর্ডে জিপিএ-৫ পাওয়া শিক্ষার্থীর সংখ্যা দাঁড়াল ৮ হাজার ৪১১ জনে।
চট্টগ্রাম বোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রক মোহাম্মদ মাহবুব হাসান প্রথম আলোকে বলেন, পরীক্ষার উত্তরপত্র মূল্যায়নে যে ভুলভ্রান্তি হয়েছে, তা অমার্জনীয়। যেসব প্রধান পরীক্ষক ও পরীক্ষকেরা উত্তরপত্র মূল্যায়নে এই ভুল করেছেন, তাঁদের নাম বোর্ডের শৃঙ্খলা কমিটির সভায় উত্থাপন করা হবে। কমিটির সিদ্ধান্ত অনুযায়ী সংশ্লিষ্ট পরীক্ষকদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে।
এ বছর চট্টগ্রাম শিক্ষা বোর্ডে ১ হাজার ১১টি শিক্ষাপ্রতিষ্ঠান থেকে ১ লাখ ১৮ হাজার ১১২ শিক্ষার্থী পরীক্ষায় অংশ নেয়।