চট্টগ্রামের হাটহাজারী, রাউজান, বোয়ালখালী, আনোয়ারা, চন্দনাইশ ও সাতকানিয়া-লোহাগাড়ায় সামান্য পরিবর্তন করে সংসদীয় আসন চূড়ান্ত করা হয়েছে। এতে বিরোধী ও সরকারি দলের সম্ভাব্য প্রার্থীদের কোনো আপত্তি নেই বলে জানা গেছে। নির্বাচন কমিশন সূত্র জানায়, ২০০৮ সালে রাউজানের সংসদীয় ৫ নম্বর আসনটি এখন ৬ নম্বর করা হয়েছে। এই আসনের সঙ্গে যুক্ত হাটহাজারীর গড়দুয়ারা ইউনিয়নকে হাটহাজারীর কাছে ফিরিয়ে দেওয়া হয়েছে। ২০০৮ সালে হাটহাজারীর সংসদীয় আসন নম্বর ছিল ৪। এখন এটির নম্বর ৫ হয়েছে। রাউজানের বিএনপির সাবেক সাংসদ গিয়াস উদ্দিন কাদের চৌধুরী এ প্রসঙ্গে প্রথম আলোকে বলেন, ‘আমার এলাকার সংসদীয় আসনের পরিবর্তনে কোনো আপত্তি নেই। তবে হাটহাজারীর গড়দুয়ারা ইউনিয়ন আমাদের সঙ্গে থাকলে খুশি হতাম। ওই ইউনিয়নের বাসিন্দাদের সেবা করতে পারতাম।’ হাটহাজারী এলাকার বিএনপির সাবেক সাংসদ সৈয়দ ওয়াহিদুল আলম বলেন, ‘গড়দুয়ারা আমার উপজেলার একটি ইউনিয়ন। এটিকে হাটহাজারীর সঙ্গে যুক্ত করতে আমি তদবির করেছিলাম। নির্বাচন কমিশন চূড়ান্ত তালিকায় গড়দুয়ারা ফিরিয়ে দিয়ে সঠিক কাজ করেছে। এ জন্য নির্বাচন কমিশনকে ধন্যবাদ জানাই।’ আগের নির্বাচনে বোয়ালখালী সংসদীয় আসনের নম্বর ছিল ৭। এখন হয়েছে ৮। বোয়ালখালী উপজেলার শ্রীপুর ও খরণদ্বীপ বাদ দিয়ে বাকি সব ইউনিয়ন এবং সিটি করপোরেশনের ৩ থেকে ৭ নম্বর ওয়ার্ড নিয়ে আসনটি গঠিত হয়েছে। বোয়ালখালী থেকে নির্বাচিত সাংসদ ও মহাজোটের অংশীদার জাসদের কেন্দ্রীয় নেতা মঈন উদ্দীন খান বাদল এ প্রসঙ্গে বলেন, ‘আমার আসনে সামান্য পরিবর্তনে কোনো আপত্তি নেই।’ আনোয়ারা সংসদীয় আসনের নম্বর ১২ থেকে ১৩ করা হয়েছে। আনোয়ারা উপজেলা, পটিয়া উপজেলার চর পাথরঘাটা, চরলক্ষ্মা, জুলধা, বড় উঠান ও শিকলবাহা ইউনিয়ন এবং চট্টগ্রাম মহানগরের আওতাধীন কর্ণফুলী থানা এলাকা নিয়ে সংসদীয় আসন চট্টগ্রাম-১৩ গঠিত হয়েছে। আনোয়ারা আসনের বিএনপির সাবেক সাংসদ সরওয়ার জামাল নিজাম এ প্রসঙ্গে প্রথম আলোকে বলেন, ‘আমাদের সংসদীয় আসনের নম্বর পরিবর্তন হয়ে ১২ থেকে ১৩ করা হয়েছে। এটা নিয়ে আমার আপত্তি নেই। তবে এই পরিবর্তনে আমার দল যদি আপত্তি জানায়, তাতে আমার সমর্থন থাকবে।’চন্দনাইশ উপজেলা এবং সাতকানিয়া উপজেলার কেওচিয়া, কালিয়াইশ, বাজালিয়া, ধর্মপুর, পুরানগড় ও খাগরিয়া ইউনিয়ন নিয়ে চট্টগ্রাম-১৪ আসন পুনর্গঠিত হয়েছে। আগে এই সংসদীয় আসনের নম্বর ছিল ১৩। জানতে চাইলে চন্দনাইশ ও সাতকানিয়ার ছয় ইউনিয়ন নিয়ে গঠিত সংসদীয় আসনের আওয়ামী লীগের সম্ভাব্য প্রার্থী জাহিদুল ইসলাম বলেন, ‘সীমানা তো আগের মতোই আছে। পরিবর্তন হয়েছে সংসদীয় ক্রমনম্বর। এতে আমাদের আপত্তি নেই।’ লোহাগাড়া উপজেলা এবং চন্দনাইশের সঙ্গে যুক্ত ছয়টি ইউনিয়ন বাদ দিয়ে সাতকানিয়ার বাকি ইউনিয়নগুলো নিয়ে গঠিত হয়েছে চট্টগ্রাম-১৫। আগে এই আসনের ক্রমনম্বর ছিল ১৬। সেখানে আগের নির্বাচনে জয়ী হন জামায়াতের মহানগর আমির আ ন ম শামসুল ইসলাম। তাঁর সঙ্গে যোগাযোগের চেষ্টা করে বক্তব্য পাওয়া যায়নি।