ঝালকাঠি পৌরসভা নির্বাচনে আওয়ামী লীগের মেয়র প্রার্থী লিয়াকত আলী তালুকদারের বিরুদ্ধে প্রশাসন ও সন্ত্রাসীদের সহযোগিতায় কেন্দ্র দখল করে ভোট কারচুপির অভিযোগ তুলেছেন দলের বিদ্রোহী মেয়র প্রার্থী ও বর্তমান মেয়র আফজাল হোসেন। গতকাল রোববার দুপুরে শহরের আড়তদারপট্টি এলাকায় নিজ কার্যালয়ে সংবাদ সম্মেলন করে তিনি এ অভিযোগ করে পুনর্নির্বাচনের দাবি জানান।
সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে আফজাল হোসেন অভিযোগ করেন, নির্বাচনের আগে থেকেই জেলা আওয়ামী লীগের নেতারা তাঁর বিরুদ্ধে ষড়যন্ত্র শুরু করেন। তিনি জেলা আওয়ামী লীগের যুগ্ম সম্পাদক ও বর্তমান পৌর মেয়র হওয়ার পরও তাঁকে মনোনয়ন না দিয়ে কোটি টাকার বিনিময়ে লিয়াকত আলী তালুকদারকে মনোনয়ন দেওয়া হয়। ২০ মার্চ ভোট গ্রহণ শুরু হওয়ার পরপরই পুলিশের সহযোগিতায় সন্ত্রাসী বাহিনী দিয়ে ১৮টি কেন্দ্র থেকে তাঁর পোলিং এজেন্টদের বের করে দেওয়া হয়। এ সময় তিনি ৯ নম্বর ওয়ার্ডের সিটি কিন্ডারগার্টেন কেন্দ্রে গেলে প্রিসাইডিং কর্মকর্তার সামনে ব্যালট পেপারে আওয়ামী লীগের মেয়র প্রার্থীর কর্মীদের নৌকায় সিল মারতে দেখতে পান। প্রতিবাদ করলে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্য ও সন্ত্রাসীরা তাঁকে মারধর করে। গুরুতর আহত অবস্থায় বরিশাল শের-ই-বাংলা মেডিকেল হাসপাতালে ভর্তি হন। এ সুযোগে সবগুলো কেন্দ্রে দখল করে ভোট জালিয়াতির মাধ্যমে আওয়ামী লীগের মেয়র প্রার্থী জয়ী হন।
প্রহসনের এ নির্বাচন বাতিল করে পুনরায় নির্বাচন দাবি করে আফজাল হোসেন বলেন, ‘আমি নির্বাচন কমিশনে অভিযোগ করেছি।’ তিনি আরও বলেন, ‘আমি আমৃত্যু আওয়ামী লীগ করে যাব। তবে বর্তমানে ঝালকাঠি আওয়ামী লীগ নব্যদের দখলে।’
২০ মার্চ ঝালকাঠি পৌরসভায় নির্বাচন অনুষ্ঠিত হয়। নির্বাচনে আওয়ামী লীগের মেয়র প্রার্থীর বিরুদ্ধে ভোটকেন্দ্র দখল করে ব্যাপক জাল ভোট দেওয়ার অভিযোগ ওঠে। নির্বাচনে লিয়াকত আলী তালুকদার ১৭ হাজার ৩২০ ভোট পেয়ে বেসরকারিভাবে নির্বাচিত হন। তাঁর নিকটতম প্রতিদ্বন্দ্বী আফজাল হোসেন পান ২ হাজার ৯১৪ ভোট।