পাবনা সদর পৌরসভা নির্বাচন প্রত্যাখ্যান করে পুনর্নির্বাচনের দাবিতে গতকাল বৃহস্পতিবার সংবাদ সম্মেলন করেছেন জেলা আওয়ামী লীগের নেতা-কর্মীরা। এর আগে দুপুরে পাবনা-ঢাকা মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ করেছেন আওয়ামী লীগের মেয়র প্রার্থীর সমর্থকেরা।
বিক্ষোভ শেষে আওয়ামী লীগ মনোনীত মেয়র প্রার্থী রাকিব হাসান আগামী রোববারের মধ্যে পৌর নির্বাচন বাতিল করা না হলে প্রশাসনের বিরুদ্ধে কঠোর আন্দোলন করার হুমকি দিয়েছেন।
বেলা আড়াইটার দিকে পাবনা জেলা আওয়ামী লীগ কার্যালয়ে অনুষ্ঠিত সংবাদ সম্মেলনে আওয়ামী লীগের নেতারা দাবি করেন, নির্বাচনে স্থানীয় প্রশাসন পক্ষপাতিত্ব ও আতঙ্ক সৃষ্টি করে আওয়ামী লীগের নেতা-কর্মীদের ভোটকেন্দ্রে যেতে দেয়নি। ফলে কেউ কেউ ভোট দিতে না পারায় আওয়ামী লীগের পরাজয় হয়েছে।
পাবনা-৫ আসনের সাংসদ ও জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক গোলাম ফারুক বলেন, উন্নয়নের ধারাবাহিকতায় পাবনার সাতটি পৌরসভার ছয়টিতে আওয়ামী লীগ বিজয়ী হয়েছে। পাবনা পৌরসভাতেও আওয়ামী লীগের বিজয় নিশ্চিত ছিল। কিন্তু স্থানীয় প্রশাসন তা হতে দেয়নি।