পুনর্নির্বাচনের দাবি তাবিথ আউয়ালের
ক্ষমতাসীন দল-সমর্থিত মেয়র পদপ্রার্থীর পক্ষে ভোটকেন্দ্র দখল, কেন্দ্রে নিজের পোলিং এজেন্টদের ঢুকতে না দেওয়া, ভোটারদের মারধরসহ নানা অভিযোগে ঢাকা উত্তর সিটি করপোরেশনের মেয়র পদের নির্বাচন বাতিলের আহ্বান জানিয়েছেন বিএনপি-সমর্থিত মেয়র প্রার্থী তাবিথ আউয়াল।
গতকাল মঙ্গলবার প্রধান নির্বাচন কমিশনার বরাবর পাঠানো এক চিঠিতে ওই আহ্বান জানিয়ে ঢাকা উত্তর সিটিতে অবাধ, সুষ্ঠু, গ্রহণযোগ্য ও অংশগ্রহণমূলক পুনর্নির্বাচনের তফসিল ঘোষণার দাবি জানান তাবিথ। গতকালের নির্বাচনকে পক্ষপাতদুষ্ট, প্রহসনমূলক ও অগ্রহণযোগ্য বলেও মন্তব্য করেন তিনি।
তাবিথ অভিযোগ করেন, শান্তিপূর্ণ পরিবেশে নির্বাচন অনুষ্ঠিত হবে, এই আশায় তিনি মেয়র পদে দাঁড়িয়েছিলেন। কিন্তু ক্ষমতাসীন দল-সমর্থিত মেয়র প্রার্থীর কর্মী, আওয়ামী লীগ ও এর সহযোগী সংগঠনগুলোর কর্মীরা ভোট গ্রহণ শুরুর আগেই বিভিন্ন কেন্দ্রের বাইরে ক্যাম্প বসিয়ে তাঁর পোলিং এজেন্টদের মারধর করে। অনেক এজেন্টকে আইনশৃঙ্খলা বাহিনী বিনা কারণে গ্রেপ্তার করে।
তাবিথ অভিযোগ করেন, আওয়ামী লীগ, যুবলীগ ও ছাত্রলীগের কর্মীরা সকাল ১০টার মধ্যে সব কেন্দ্র দখলে নিয়ে নেন। প্রিসাইডিং ও পোলিং অফিসার, পুলিশ, র্যা বও তাঁর এজেন্টদের কেন্দ্রে ঢুকতে দেয়নি। তারা কেন্দ্রের বাইরে বিএনপির কর্মী-সমর্থক দেখামাত্র চড়াও হয়েছে। কেন্দ্রের ভেতর ক্ষমতাসীন দলের প্রার্থীর টেবিল ঘড়ি মার্কায় সিল মেরে বাক্স ভর্তি করা হয়েছে।
তাবিথ বলেন, এসব বিষয়ে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী ও নির্বাচন কমিশনের কাছে লিখিতভাবে অভিযোগ করেও তিনি প্রতিকার পাননি। এ অবস্থায় নির্বাচন বর্জন করেছেন তিনি।