সাতক্ষীরা পৌর নির্বাচনের ফলাফল প্রত্যাখ্যান করে পুনরায় নির্বাচনের দাবি জানিয়েছেন আওয়ামী লীগের পরাজিত প্রার্থী শাহাদৎ হোসেন। পাশাপাশি অসহযোগিতা ও অনিয়মের অভিযোগে আওয়ামী লীগের জেলা, উপজেলা ও পৌর আওয়ামী লীগের ছয় নেতাকে দল থেকে বহিষ্কারের এবং সদর থানার ওসি বরখাস্তের দাবি জানিয়েছেন। গতকাল বৃহস্পতিবার দুপুরে সাতক্ষীরা প্রেসক্লাবে সংবাদ সম্মেলনে তিনি এসব দাবি জানান।
এই পৌরসভায় বেসরকারিভাবে বিএনপির প্রার্থী তাজকিন আহমেদ ১৬ হাজার ৪৭০ ভোট পেয়ে মেয়র নির্বাচিত হন। তাঁর নিকটতম প্রতিদ্বন্দ্বী জাতীয় পার্টি শেখ আজাহার হোসেন পেয়েছেন ১২ হাজার ৮৭৩ ভোট ও স্বতন্ত্র প্রার্থী নাসিম ফারুক খান পেয়েছেন ১২ হাজার ৫৩২ ভোট। আওয়ামী লীগের প্রার্থী শাহাদৎ হোসেন পেয়েছেন ৯ হাজার ৭২ ভোট।
জেলা আওয়ামী লীগের সভাপতি মুনসুর আহমেদ বলেন, দলীয় নেতারা বৈঠক করে আনুষ্ঠানিকভাবে শাহাদৎ হোসেনের বক্তব্যের প্রতিবাদ জানাবেন।