জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটির (একনেক) গতকাল মঙ্গলবার অনুষ্ঠিত সভায় কক্সবাজারের টেকনাফ উপজেলার শাহপরীর দ্বীপ বেড়িবাঁধ পুনর্নির্মাণ প্রকল্পের অনুমোদন দেওয়া হয়েছে। এ খবরে এলাকাবাসী মিষ্টি বিতরণ করেছেন। পাশাপাশি প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ধন্যবাদ জানিয়ে এলাকায় মাইকিং ও বিশেষ মোনাজাত করা হয়।
এ বিষয়ে জানতে চাইলে জেলা পানি উন্নয়ন বোর্ডের (পাউবো) নির্বাহী প্রকৌশলী সবিবুর রহমান গতকাল বিকেলে প্রথম আলোকে বলেন, সকালে রাজধানীর শেরেবাংলা নগরের এনইসি সম্মেলনকক্ষে একনেকের সভা হয়। প্রধানমন্ত্রী শেখ হাসিনার সভাপতিত্বে এ সভায় ১ হাজার ৯৫ কোটি ৪৭ লাখ টাকা ব্যয়ে মোট ছয়টি প্রকল্পের অনুমোদন দেওয়া হয়। এর মধ্যে ১০৬ কোটি ১৬ লাখ টাকা ব্যয়ে শাহপরীর দ্বীপের বেড়িবাঁধ পুনর্নির্মাণ প্রকল্পটিও রয়েছে।
শাহপরীর দ্বীপের উত্তরপাড়ার বাসিন্দা ও স্থানীয় ইউনিয়ন পরিষদের (ইউপি) সদস্য রেজাউল করিম বলেন, ২০১২ সালের ২২ জুলাই শাহপরীর দ্বীপের পশ্চিমপাড়া অংশে ঢেউয়ের আঘাতে বাঁধটি ভেঙে যায়। টেকনাফ-শাহপরীর দ্বীপের সড়কটির প্রায় পাঁচ কিলোমিটার সাগরে বিলীন হয়। এতে সড়ক যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে পড়ে। চার বছরে ওই এলাকার পাঁচটি গ্রামের আট শতাধিক বসতবাড়ি ও ফসলি জমি সাগর ও নদীতে বিলীন হয়ে গেছে। প্রায় ৪০ হাজার মানুষ এখনো পানিবন্দী হয়ে মানবেতর জীবন যাপন করছে। প্রকল্পটি বাস্তবায়িত হলে এলাকাবাসীর মুখে নতুন করে হাসি ফুটবে। এই খুশিতে অনেকে মিষ্টি বিতরণ করেন। প্রধানমন্ত্রীকে ধন্যবাদ জানিয়ে এলাকায় মাইকিং এবং বিশেষ মোনাজাত করা হয়।
শাহপরীর দ্বীপ বাঁচাও আন্দোলন কমিটির সভাপতি জাহেদ হোসেন বলেন, প্রায় চার বছর এলাকার মানুষেরা বেঁচে আছে পানির সঙ্গে সংগ্রাম করে। প্রকল্পটি অনুমোদন করার খবরে এলাকাবাসী মহাখুশি। প্রকল্পটি যত তাড়াতাড়ি বাস্তবায়িত হবে, ততই মঙ্গল।
সাবরাং ইউপির চেয়ারম্যান নুর হোসেন বলেন, প্রকল্পটি বাস্তবায়ন হলে জোয়ারের পানি ও ঢেউয়ের আঘাতের ক্ষয়ক্ষতি কমিয়ে আনার পাশাপাশি এলাকার খাদ্যনিরাপত্তা ও সামাজিক প্রতিরক্ষা নিশ্চিত করা সম্ভব হবে।
কক্সবাজার-৪ আসনের সাংসদ আবদুর রহমান বদি বলেন, প্রকল্পটির অনুমোদন দেওয়া হয়েছে। এখন সেনাবাহিনীকে দিয়ে টেকসই বাঁধ নির্মাণের জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে অনুরোধ করা হবে।