পুনর্নির্মাণে ৬৫৩ কোটি টাকার প্রকল্প সওজের

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

যশোর-বেনাপোল ও যশোর-খুলনা মহাসড়ক দুটি পুনর্নির্মাণের পরিকল্পনা নিয়েছে সড়ক ও জনপথ (সওজ) বিভাগ। এ জন্য প্রায় ৬৫৩ কোটি টাকার দুটি উন্নয়ন প্রকল্প প্রস্তাবনা তৈরি করা হয়েছে। পরিকল্পনা কমিশনের প্রকল্প মূল্যায়ন কমিটি (পিইসি) ইতিমধ্যে প্রকল্প দুটি অনুমোদন করেছে। বর্তমানে প্রকল্প দুটি জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটির (একনেক) চূড়ান্ত অনুমোদনের অপেক্ষায় রয়েছে।
প্রকল্প দুটি হলো ‘যশোর-খুলনা জাতীয় মহাসড়কের যশোর অংশ (পালবাড়ি থেকে রাজঘাট) উন্নীতকরণ’ এবং ‘যশোর-বেনাপোল জাতীয় মহাসড়ক উন্নীতকরণ’। এর আওতায় যশোর-খুলনা মহাসড়কের যশোর অংশের ৩৮ কিলোমিটার এবং যশোর-বেনাপোল মহাসড়কের ৩৮ দশমিক ২ কিলোমিটার পুনর্নির্মাণ করা হবে।
যশোর সওজ বিভাগ সূত্র জানায়, ১৯১৩ সালে যশোরের কালেক্টর জনসন প্রথম ২৪ ফুট প্রশস্ত যশোর-বেনাপোল মহাসড়কের নকশা প্রণয়নের উদ্যোগ নেন। এরপর বিভিন্ন সময় মহাসড়কটির উন্নয়ন করা হলেও সম্প্রসারণ করা হয়নি। অনেকবার সংস্কার করা হলেও তা বেশি দিন টেকসই হচ্ছে না।
যশোর-খুলনা মহাসড়কটিও ব্রিটিশ আমলে নির্মাণ করা হয়। এরপর ১৯৫৬ ও ১৯৫৭ সালে আট ফুট প্রস্থ মহাসড়কটি পুনর্নির্মাণ করা হয়। পরে মহাসড়কটি সম্প্রসারণ করে ২৪ ফুট করা হয়। কিন্তু মহাসড়কটির অনেক অংশে ঢালাই ফেটে গেছে। এ কারণে মহাসড়কটি সংস্কার করা হলেও তা ভেঙে যাচ্ছে।
সূত্র আরও জানায়, মহাসড়ক দুটির সম্প্রসারণ ও টেকসই উন্নয়নের জন্য ৬৫৩ কোটি ৩৩ লাখ ৬৮ হাজার টাকা ব্যয়ে দুটি পৃথক উন্নয়ন প্রকল্প প্রস্তাবনা তৈরি করে গত এপ্রিলে পরিকল্পনা কমিশনে পাঠানো হয়। কমিশনের প্রকল্প মূল্যায়ন কমিটি গত ১১ আগস্ট এর অনুমোদন দিয়েছে।
প্রকল্প প্রস্তাবনায় বলা হয়েছে, যশোর-খুলনা জাতীয় মহাসড়কের যশোর অংশের দৈর্ঘ্য ৫০ দশমিক ৩২৫ কিলোমিটার। এর মধ্যে যশোর শহরের পালবাড়ি থেকে রাজঘাট পর্যন্ত পুনর্নির্মাণ করা হবে। আর যশোর-বেনাপোল মহাসড়কটি পুনর্নির্মাণ করা হবে শহরের দড়াটানা এলাকা থেকে বেনাপোল সীমান্ত পর্যন্ত। এ দুটি মহাসড়কের প্রস্থ ৭ দশমিক ৩০ মিটার থেকে বাড়িয়ে ১২ দশমিক ৩০ মিটার করা হবে। মহাসড়ক দুটির মেইন ক্যারেজ ওয়ে হবে ৭ দশমিক ৩০ মিটার। দুই পাশে ১ দশমিক ৫ মিটার করে তিন মিটার হার্ড শোল্ডার এবং এক মিটার করে দুই মিটার সয়েল শোল্ডার হবে।
যশোর-খুলনা মহাসড়কটি পুনর্নির্মাণে মোট ব্যয় ধরা হয়েছে ৩২৯ কোটি ৪৫ লাখ ৭ হাজার টাকা। যশোর-বেনাপোল মহাসড়কটি পুনর্নির্মাণে ব্যয় ধরা হয়েছে ৩২৩ কোটি ৮৮ লাখ ৬১ হাজার টাকা। মহাসড়ক দুটির নির্মাণকাজ শুরু হবে ২০১৭ সালের জানুয়ারিতে। শেষ হবে ২০১৯ সালের ৩১ ডিসেম্বরের মধ্যে।
সওজ বিভাগ সূত্র জানায়, মহাসড়ক দুটির পাশে ৬২৫টি বৈদ্যুতিক ও টেলিফোনের খুঁটি রয়েছে। এর মধ্যে যশোর-খুলনা মহাসড়কে ৩১৩টি বৈদ্যুতিক খুঁটি এবং ২৫টি টেলিফোনের খুঁটি রয়েছে। যশোর-বেনাপোল মহাসড়কে রয়েছে ২৩৫টি বৈদ্যুতিক খুঁটি এবং ৫২টি টেলিফোনের খুঁটি। এসব খুঁটি সরাতে হবে। এ কাজে উন্নয়ন প্রকল্প প্রস্তাবনায় বড় অঙ্কের টাকা রাখা হয়েছে। মহাসড়ক দুটির পাশে থাকা বিভিন্ন প্রজাতির ৪ হাজার ৮৬৭টি গাছ কাটা হবে। এর মধ্যে যশোর-খুলনা মহাসড়কে ২ হাজার ৫৫৫টি এবং যশোর-বেনাপোল মহাসড়কে ২ হাজার ৩১২টি গাছ কাটা পড়বে।
যশোর সওজ বিভাগের নির্বাহী প্রকৌশলী মোহাম্মদ মেহেদী ইকবাল বলেন, যশোর-খুলনা এবং যশোর-বেনাপোল জাতীয় মহাসড়ক দুটি অত্যন্ত গুরুত্বপূর্ণ। এ জন্য মহাসড়ক দুটির উন্নয়ন ও সম্প্রসারণ প্রয়োজন। একনেকে অনুমোদনের পরই এ কার্যক্রম শুরু হবে।