শহীদ জহির রায়হান মিলনায়তন পুনর্নির্মাণের দাবিতে ফেনী শহরে মানববন্ধন করেছে বিভিন্ন সংগঠন। প্রথম আলো ফেনী বন্ধুসভার উদ্যোগে এ কর্মসূচি পালন করা হয়। মানববন্ধন শেষে জেলা পরিষদের প্রশাসক ও জেলা প্রশাসনকে স্মারকলিপি দেওয়া হয়।
মানববন্ধনে বক্তারা বলেন, ফেনী শহরের কেন্দ্রস্থলে সাংস্কৃতিক ও সামাজিক কর্মকাণ্ডের একমাত্র মিলনায়তন ‘শহীদ জহির রায়হান মিলনায়তন’ ২০০৮ সালে ভেঙে ফেলা হয়েছে। মিলনায়তনটি পুনর্নির্মাণের জন্য সরকার থেকে দেড় কোটি টাকা বরাদ্দও দেওয়া হয়েছে। কিন্তু নকশা অনুমোদনসহ নানা অজুহাতে মিলনায়তনটি আর পুনর্নির্মাণ করা হয়নি। এ মিলনায়তন ঘিরে একসময় ফেনীর সাংস্কৃতিক কর্মকাণ্ড পরিচালিত হতো। সাংস্কৃতিক কর্মকাণ্ড না থাকায় যুবসমাজ নানা অসামাজিক কর্মকাণ্ডে জড়িয়ে পড়ছে।
গতকাল রোববার সকালে শহরের ট্রাংক রোডের শহীদ মিনার চত্বরে এ মানববন্ধন হয়। এ সময় ফেনী বন্ধুসভার সভাপতি হারুন উর রশিদের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক শেখ আশিকুন্নবীর সঞ্চালনায় বক্তব্য দেন ফেনী চেম্বার অব কমার্সের সভাপতি আইনুল কাবীর, জেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক আমীর হোসেন, ফেনী প্রেসক্লাবের সভাপতি নুরুল করিম মজুমদার, ফেনী রিপোর্টার্স ইউনিটির সভাপতি শাহাদাত হোসেন, সম্মিলিত সাংস্কৃতিক জোটের জেলা সভাপতি সমরজিত দাস, সাপ্তাহিক স্বদেশপত্রের সম্পাদক এন এন জীবন, সংলাপ নাট্যগোষ্ঠীর সভাপতি জাহিদ হোসেন, জেলা খেলাঘরের সভাপতি জাহাঙ্গীর আলম, ফেনী থিয়েটারের সমন্বয়ক আনোয়ার হোসেন, আর্য্য সাংস্কৃতিক কেন্দ্রের সমন্বয়ক সমর দেবনাথ, জেলা নজরুল একাডেমীর সভাপতি ফখরুদ্দিন আলী আহম্মদ, অনুরণন আবৃত্তিচর্চা কেন্দ্রের সমন্বয়ক এম এফ রহমান, ফেনী বন্ধুসভার সাংগঠনিক সম্পাদক মোতাহের হোসেন প্রমুখ।