বরিশালে ছাত্রলীগের নেতা-কর্মীদের এক পক্ষ বিলুপ্ত মহানগর কমিটির পুনর্বহাল চেয়েছে। অপর পক্ষ চেয়েছে ছাত্রত্ব আছে এমন ছাত্র দিয়ে মহানগর ছাত্রলীগের নতুন কমিটি করা হোক। দুই পক্ষই গত বৃহস্পতিবার আওয়ামী লীগের কেন্দ্রীয় নেতাদের সামনে মানববন্ধন করে ও রাস্তা আটকে এই দাবি জানায়। জানা গেছে, আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য ইউসুফ হোসেন হুমায়ুন, কেন্দ্রীয় কমিটির যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুবুল আলম হানিফ, সাংগঠনিক সম্পাদক আ ফ ম বাহাউদ্দিন নাছিম, তথ্য ও গবেষণাবিষয়ক সম্পাদক আফজাল হোসেন ও স্বেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক পংকজ দেবনাথ বৃহস্পতিবার সকালে বরিশালে আসেন। সকাল ১০টার দিকে বরিশাল সার্কিট হাউসে জেলা আওয়ামী লীগের নেতাদের সঙ্গে তাঁদের মতবিনিময় করার কথা ছিল। তাঁদের আসার খবর শুনে সরকারি বরিশাল কলেজ ছাত্রলীগের সভাপতি মোর্শেদ আলমের নেতৃত্বে ছাত্রলীগের কর্মীরা সার্কিট হাউসের সামনে মানববন্ধন করে ছাত্রলীগের বিলুপ্ত মহানগর কমিটি পুনর্বহালের দাবি জানান। কেন্দ্রীয় নেতারা তখন সার্কিট হাউসে না গিয়ে সাবেক চিফ হুইপ ও বরিশাল জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আবুল হাসানাত আবদুল্লাহর গ্রামের বাড়ি আগৈলঝাড়ার সেরালে যান। দুপুর ১২টার দিকে ছাত্রলীগের কর্মীরা সেরালের রাস্তায় শুয়ে বিলুপ্ত মহানগর কমিটি পুনর্বহালের দাবি জানান। একপর্যায়ে আওয়ামী লীগের কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক বাহাউদ্দিন নাছিম ছাত্রলীগের নেতা-কর্মীদের বলেন, ‘ভেঙে দেওয়া কমিটি গঠনতন্ত্র অনুযায়ী কখনোই পুনর্বহাল হয় না।’ রাস্তায় প্রতিরোধ না করতে ছাত্রলীগের কর্মীদের আহ্বান জানান তিনি।এদিকে দুপুর দেড়টার দিকে বরিশাল সার্কিট হাউসের সামনে মানববন্ধনে অংশ নেন বরিশাল শেরেবাংলা মেডিকেল কলেজের ছাত্রলীগের নেতা এ এস এম সায়েম, বিএম কলেজের নুরুল আম্বিয়াসহ ছাত্রলীগের কর্মীরা। যাঁদের ছাত্রত্ব আছে, তাঁদের নিয়ে ছাত্রলীগের নতুন মহানগর কমিটি গঠনের দাবি জানান তাঁরা। আওয়ামী লীগের কেন্দ্রীয় নেতারা তাঁদের জানান, এ ব্যাপারে কেন্দ্রীয় ছাত্রলীগের ওপর দায়িত্ব দেওয়া হয়েছে।দুপুরে সার্কিট হাউসে মতবিনিময় সভায় আওয়ামী লীগের কেন্দ্রীয় নেতারা বলেন, আওয়ামী লীগে সন্ত্রাসী, টেন্ডারবাজ ও চাঁদাবাজদের কোনো স্থান নেই। মতের অমিলের কারণেই নিজেদের মধ্যে দ্বন্দ্বের সৃষ্টি হচ্ছে। ছাত্রলীগের কর্মকাণ্ড সম্পর্কে তাঁরা বলেন, বরিশাল ছাত্রলীগে কোনো গ্রুপিং নেই। তবে ভিন্ন ভিন্ন দাবি রয়েছে। উভয় পক্ষের দাবিই পর্যালোচনা করা হবে। তবে তা করবেন ছাত্রলীগের কেন্দ্রীয় নেতারা। ছাত্রলীগের ব্যাপারে আওয়ামী লীগ কোনো হস্তক্ষেপ করবে না।মতবিনিময় সভায় উপস্থিত ছিলেন আওয়ামী লীগের কেন্দ্রীয় নেতাসহ বরিশাল সিটি করপোরেশনের মেয়র শওকত হোসেন, স্থানীয় আওয়ামী লীগের নেতা জাহিদ ফারুক প্রমুখ।