পুনর্বহালে সিবিএর আলটিমেটাম

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

মিল্ক ভিটায় নিয়োগ বাতিল হওয়া ৭৬ জন শ্রমিক-কর্মচারীকে চাকরিতে পুনর্বহাল ও তাঁদের বেতন-ভাতা পরিশোধের দাবিতে আলটিমেটাম দিয়েছেন সিবিএর নেতারা। আজ রোববারের মধ্যে এই শ্রমিক-কর্মচারীদের পুনর্বহাল না করা হলে আগামীকাল সোমবার থেকে মিল্ক ভিটার সব ধরনের কার্যক্রম বন্ধ করে দেওয়ার হুমকি দিয়েছেন তাঁরা।মিল্ক ভিটা সূত্র জানায়, গতকাল শনিবার প্রতিষ্ঠানের ব্যবস্থাপনা পরিচালক মুনীর চৌধুরীর কাছে লিখিতভাবে এই আলটিমেটাম দেন সিবিএর নেতারা। মিল্ক ভিটার সিবিএ সভাপতি জাহাঙ্গীর আলম এতে সই করেন।স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের নিষেধাজ্ঞা উপেক্ষা করে গত ১০ জানুয়ারি ৭৬ জন শ্রমিক-কর্মচারীকে অবৈধভাবে নিয়োগ দেয় মিল্ক ভিটার পরিচালনাকারী বাংলাদেশ দুগ্ধ উৎপাদনকারী সমবায় ইউনিয়ন লিমিটেডের ব্যবস্থাপনা কমিটি। ব্যবস্থাপনা কমিটির সভায় অনুমোদন না নিয়েই তাঁদের নিয়োগ দেওয়া হয়। সে কারণে ১৪ জানুয়ারি এই শ্রমিক-কর্মচারীদের নিয়োগ বাতিল করে মন্ত্রণালয়। তাঁদের বেতন-ভাতা পরিশোধ না করারও নির্দেশ দেওয়া হয়।এই শ্রমিক-কর্মচারীর নিয়োগে অর্থ লেনদেনের অভিযোগ রয়েছে। ব্যবস্থাপনা কমিটির চেয়ারম্যান ও ভাইস চেয়ারম্যান এবং কয়েকজন সিবিএ নেতা এর সঙ্গে জড়িত বলে তখন অভিযোগ ওঠে। সমবায় মন্ত্রণালয়ের চিঠির পরিপ্রেক্ষিতে আর্থিক লেনদেনের অভিযোগটি দুর্নীতি দমন কমিশন (দুদক) তদন্ত করছে।সূত্র জানায়, নিয়োগ বাতিলের পর এখন এ বিষয়ে মিল্ক ভিটার নতুন ব্যবস্থাপনা পরিচালক মুনীর চৌধুরীর মতামত জানতে চেয়েছে সমবায় মন্ত্রণালয়ই। তিনি এখনো মতামত দেননি বলে জানা গেছে। প্রতিষ্ঠানটির সংশ্লিষ্ট ব্যক্তিরা মনে করছেন, অবৈধ নিয়োগ দেওয়াদের পক্ষে মত আদায় করতেই সিবিএ এই আলটিমেটাম দিয়েছে।মুনীর চৌধুরী গত রাতে প্রথম আলোকে বলেন, নিয়মতান্ত্রিকভাবে সব সমস্যার সমাধান হওয়া উচিত। সে কারণে উদ্ভূত পরিস্থিতিতে আগামীকাল (আজ রোববার) সিবিএ নেতাদের সঙ্গে বৈঠক ডাকা হয়েছে।