জাতীয় বিশ্ববিদ্যালয় থেকে চাকরিচ্যুত ৮০৭ জন শিক্ষক, কর্মকর্তা ও কর্মচারী চাকরিতে পুনর্বহালের দাবিতে গতকাল শুক্রবার কেন্দ্রীয় শহীদ মিনারে অবস্থান ধর্মঘট ও প্রতীকী অনশন কর্মসূচি পালন করেছেন। বেলা তিনটা থেকে পাঁচটা পর্যন্ত এই কর্মসূচি চলে।কর্মসূচি চলাকালে বক্তারা বলেন, সব নিয়ম পূরণ করে আট বছর ধরে চাকরিরত অবস্থায় গত ২৩ আগস্ট হাইকোর্টের একটি রায়ের বলে লিভ টু আপিল থাকা অবস্থায় ৮০৭ জনকে চাকরিচ্যুত করা হয়। ঈদুল ফিতরের বন্ধের সময় বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ জরুরি সিন্ডিকেট সভা ডেকে এটি করে। চাকরিচ্যুত ব্যক্তিরা সামাজিক ও মানসিক ক্ষতির সম্মুখীন হচ্ছেন। তাঁদের সন্তানদের লেখাপড়া বন্ধ হওয়ার পথে। বক্তারা চাকরিচ্যুত ব্যক্তিদের পুনর্বহালের জন্য রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীর কাছে আবেদন জানান।অবস্থান ধর্মঘট ও অনশন কর্মসূচিতে সভাপতিত্ব করেন জাতীয় বিশ্ববিদ্যালয়ের অফিসার্স অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক নাজিমুদ্দিন আহমেদ। বিজ্ঞপ্তি।