পুনর্বাসন ও ক্ষতিপূরণের দাবি ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

চট্টগ্রাম সিটি আউটার রিং রোড প্রকল্পের জন্য যেসব পরিবার ক্ষতিগ্রস্ত হবে, তাদের পুনর্বাসন ও যথাযথ ক্ষতিপূরণ দেওয়ার দাবি জানানো হয়েছে। নগরের দক্ষিণ হালিশহর (৩৯ নম্বর ওয়ার্ড) ও উত্তর পতেঙ্গার (৪০ নম্বর ওয়ার্ড) বাসিন্দাদের একটি সংগঠন গতকাল বৃহস্পতিবার দুপুরে এক সংবাদ সম্মেলনে এ দাবি জানায়। ‘৩৯ ও ৪০ নম্বর ওয়ার্ড ক্ষতিগ্রস্ত পরিবারবর্গের পুনর্বাসন ও ন্যায্য ক্ষতিপূরণ আদায় কমিটি’-এর ব্যানারে এ সংবাদ সম্মেলন করা হয়।
চট্টগ্রাম প্রেসক্লাবে অনুষ্ঠিত সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন দক্ষিণ হালিশহরের সাবেক ওয়ার্ড কাউন্সিলর মো. আসলাম। উপস্থিত ছিলেন একই ওয়ার্ডের সাবেক কাউন্সিলর সরফরাজ কাদের, কমিটির সভাপতি ইউনুস সওদাগর, মোহাম্মদ আলী প্রমুখ।
লিখিত বক্তব্যে বলা হয়, চট্টগ্রাম উন্নয়ন কর্তৃপক্ষ (সিডিএ) সিটি আউটার রিং রোড প্রকল্পের অধীনে নগরের স্টিল মিল এলাকা থেকে বেড়িবাঁধের খেজুরতলা পর্যন্ত একটি সংযোগ সড়ক নির্মাণ করবে। এই সড়ক নির্মাণের কারণে দক্ষিণ হালিশহর ও উত্তর পতেঙ্গার প্রায় দুই শ স্থায়ী পরিবারকে উচ্ছেদ করা হবে। এসব পরিবার এর আগেও পতেঙ্গা এবং হালিশহরে দুটি রাষ্ট্রীয় প্রতিষ্ঠান স্থাপনের সময় ভিটেমাটি হারিয়েছিল। তবে সে সময় ক্ষতিগ্রস্ত ব্যক্তিদের পুনর্বাসনসহ উপযুক্ত ক্ষতিপূরণ দেওয়া হয়েছিল। কিন্তু সিডিএ জমি উচ্ছেদের প্রক্রিয়া শুরু করলেও এখন পর্যন্ত পুনর্বাসন ও ক্ষতিপূরণের ব্যাপারে সুস্পষ্ট ঘোষণা দিচ্ছে না। এতে দুই শ পরিবারের প্রায় পাঁচ হাজার বাসিন্দা উৎকণ্ঠায় দিন পার করছেন।
সংবাদ সম্মেলনে আট দফা দাবি তুলে ধরা হয়। উল্লেখযোগ্য দাবিগুলো হচ্ছে অবকাঠামোর ক্ষতিপূরণ বর্তমান বাজার মূল্য অনুযায়ী পরিশোধ করা, পুনর্বাসিত জমির দাম ও রেজিস্ট্রি বিনা মূল্যে করা, ভূমির প্রত্যেক মালিককে পুনর্বাসিত স্থানে বসবাসের উপযোগী বাড়িঘর নির্মাণের জন্য সময় দেওয়া, ক্ষতিপূরণের টাকা এককালীন পরিশোধ করা এবং পুনর্বাসিত স্থানে মসজিদ, স্কুল, কবরস্থান, গ্যাস, পানি ও বিদ্যুতের ব্যবস্থা করা।
আট দফা দাবি মেনে নেওয়ার জন্য প্রধানমন্ত্রী, গৃহায়ণ ও গণপূর্তমন্ত্রী, ভূমি প্রতিমন্ত্রী, সিটি করপোরেশনের মেয়র, স্থানীয় সাংসদ, জেলা প্রশাসক ও সিডিএ চেয়ারম্যানের প্রতি অনুরোধ জানান কমিটির নেতারা।
এ বিষয়ে সিডিএর তত্ত্বাবধায়ক প্রকৌশলী ও আউটার রিং রোড প্রকল্পের পরিচালক কাজী হাসান বিন শামস বলেন, সংযোগ সড়কের জন্য ক্ষতিগ্রস্ত পরিবারগুলোকে পুনর্বাসন ও ক্ষতিপূরণ দেওয়া হবে।
সিডিএ জানায়, চার লেনের এ সংযোগ সড়কের দৈর্ঘ্য হবে ১ দশমিক ২ কিলোমিটার এবং প্রস্থ ২৪ দশমিক ৪৫ মিটার। এ জন্য ১০ দশমিক ৬৩৩ একর জমি অধিগ্রহণ করা হবে।