সরকারের নতুন গুচ্ছগ্রাম প্রকল্পের আওতায় দেশে প্রায় দুই লাখ পরিবারকে পুনর্বাসন করা হবে। এ উদ্যোগ সফল হলে সমাজের অবহেলিত জনগোষ্ঠী কর্মবীরে পরিণত হবে।
গাজীপুরের শ্রীপুর উপজেলার চন্নপাড়ায় আশ্রয়ণ প্রকল্প পরিদর্শনে এসে গতকাল বুধবার ঢাকা বিভাগীয় কমিশনার মো. হেলালুদ্দিন আহমদ এ কথা বলেন। এ সময় আশ্রয়ণ প্রকল্পের সুবিধাভোগীদের সঙ্গে একটি মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।
সভায় প্রধান অতিথির বক্তব্যে ঢাকা বিভাগীয় কমিশনার বলেন, প্রধানমন্ত্রীর নির্দেশনায় আশ্রয়ণ প্রকল্পের প্রত্যেককে কর্মবীর হিসেবে গড়ে তোলা হবে। সরকার ছিন্নমূল মানুষের জীবনমান উন্নয়নের লক্ষ্যে প্রকল্প গ্রহণ করেছে। বর্তমান সরকার দেশে শত শত আশ্রয়ণ প্রকল্প ও গুচ্ছগ্রাম গড়ার প্রকল্প নিয়েছে। এ প্রকল্পের আওতায় প্রায় দুই লাখ পরিবারকে পুনর্বাসন করা হবে। একই সঙ্গে পুরোনো প্রকল্পগুলোর উন্নয়ন করা হবে। আশ্রয়ণবাসীদের জীবনমান উন্নয়নের লক্ষ্যে ঋণ সহায়তা দেওয়া হবে। তারা ঋণ নিয়ে আত্মকর্মসংস্থান সৃষ্টি করবে।
সভায় সঞ্চালনা করেন সহকারী কমিশনার (ভূমি) মাসুম রেজা। বক্তব্য দেন গাজীপুরের জেলা প্রশাসক দেওয়ান মো. হুমায়ুন কবির, উপজেলা নির্বাহী কর্মকর্তা রেহেনা আকতার, উপজেলা পরিষদের চেয়ারম্যান আ. জলিল, ভাইস চেয়ারম্যান মো. রফিকুল ইসলাম। সভা শেষে বিভাগীয় কমিশনার আশ্রয়ণ প্রকল্পের বাসিন্দাদের সঙ্গে কথা বলেন। এ সময় তাঁদের বিভিন্ন সমস্যা সম্পর্কে জেনে জেলা প্রশাসনকে দ্রুত ব্যবস্থা নেওয়ার নির্দেশ দেন তিনি।