দিনাজপুরের পার্বতীপুরের হাবিবপুর চিড়াকুটা গ্রামে হামলার ঘটনার ২ মাস ১৫ দিন পরও আদিবাসীদের পুনর্বাসন করা হয়নি। মন্ত্রীর প্রতিশ্রুতিও রক্ষা হয়নি। বিরোধপূর্ণ জমিতে প্রভাবশালী ব্যক্তিরাই চাষাবাদ করছেন। আর আয়রোজগার বন্ধ থাকায় ক্ষতিগ্রস্ত আদিবাসী পরিবারগুলো চরম কষ্টে দিন কাটাচ্ছে।
জমিসংক্রান্ত বিরোধের জের ধরে আদিবাসীদের তিরের আঘাতে প্রভাবশালী মুসলিম পরিবারের এক যুবক নিহত হওয়ার ঘটনা নিয়ে গত ২৪ জানুয়ারি উপজেলার হাবিবপুর চিড়াকুটা আদিবাসী গ্রামে হামলা চালানো হয়। এ সময় তাঁরা আদিবাসীদের বাড়িঘরে অগ্নিসংযোগ ও লুটপাট চালিয়েছেন বলে অভিযোগ পাওয়া গেছে। এতে গ্রামের ৬৫টি আদিবাসী পরিবার ক্ষতিগ্রস্ত হয়।
ঘটনার ২ মাস ১৫ দিন পর গত বুধবার সকালে গ্রামটি পরিদর্শনে গেলে ক্ষতিগ্রস্ত ব্যক্তিরা জানান, গত ৩ ফেব্রুয়ারি সাংসদ ফজলে হোসেন বাদশার নেতৃত্বে স্থানীয় সাংসদ প্রাথমিক ও গণশিক্ষামন্ত্রী মোস্তাফিজুর রহমান, জেলা প্রশাসক, পুলিশ সুপার এবং জাতীয় সংসদের আদিবাসীবিষয়ক সংসদীয় ককাস দলের সদস্যরা ওই গ্রাম পরিদর্শনে যান।
ক্ষতিগ্রস্ত আদিবাসী নারী মারিয়া হেমব্রম বলেন, ‘মন্ত্রী সবার সামনত কহিছিল, যে জমি নিয়া এত ঘটনা, আদালত থাকি ওই জমির মালিকানা ঠিক না হওয়া পর্যন্ত জেলা প্রশাসন ওই জমি চাষ করিবি। মন্ত্রীর কাথা মানি আদিবাসীরা জমিত ধান লাগাবা যায় নাই। কিন্তুক যারা হামার গ্রামত হামলা করিলি, বাড়িত আগুন দিলি, ভাঙচুর-লুটপাট করিলি, ওরায় তামান জমিত ধান লাগাইছে, পুলিশ-প্রশাসন ওমহাক বাধাও দেয়নি কেনে? তাহিলে তো প্রমাণ হচ্ছে মন্ত্রী-এমপি, প্রশাসন সবাহে ওমহার পাখে (প্রভাবশালীদের পক্ষে) আছে।’
ফুলমতি হাসদা বলেন, ‘ঘটনার পর প্রশাসন প্রত্যেকটা পরিবারক এক মণ করি চাল, শীতের কম্বল দিছে। গ্রাম বিকাশ কেন্দ্র রান্নার হাঁড়িপাতিল দিছে। হারা খালি মাড়-ভাত খাই বাঁচি আছি। কিন্তুক কাপড়ের অভাবে মেয়ে মানুষেরা ঠিকমতন বাড়ি থাকি বাহির হবা পারে না।’
গত বুধবার সরেজমিন দেখা গেছে, ক্ষতিগ্রস্ত ৬৫টি পরিবারের মধ্যে ১০টি পরিবার তাদের ঘর মেরামত করতে পারেনি। অন্যরা কোনোমতে মেরামত করে নিয়েছে।
জাতীয় আদিবাসী পরিষদের সভাপতি রবীন্দ্র নাথ সরেন প্রথম আলোকে বলেন, প্রশাসন ক্ষতিগ্রস্ত আদিবাসী পরিবারগুলোকে পুনর্বাসনের (ঘর নির্মাণ ও খাদ্যসামগ্রী দিয়ে সহায়তা) প্রতিশ্রুতি দিয়েছিল। কিন্তু ঘটনার ২ মাস ১৬ দিন পরেও সেই প্রতিশ্রুতি রক্ষা করেনি।
আদিবাসী পরিবারগুলোর পুনর্বাসনের বিষয়ে জানতে চাইলে পার্বতীপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. রাহেনুল ইসলাম বলেন, আদিবাসীদের গৃহ নির্মাণের জন্য টিন চেয়ে মন্ত্রণালয়ে আবেদন করা হয়েছে। কিন্তু এখন পর্যন্ত বরাদ্দ আসেনি।
জেলা প্রশাসক আহমদ শামীম আল রাজি বলেন, ঘটনায় গঠিত তিন সদস্যবিশিষ্ট তদন্ত কমিটির প্রতিবেদন পাওয়া যায়নি। জমির মালিকানার ব্যাপারে দলিল দেখাতে উভয় পক্ষকে নোটিশ দেওয়া হয়েছে। যত দ্রুত সম্ভব সমস্যার সমাধানের চেষ্টা করা হচ্ছে।