পুনর্বাসন ছাড়া হকার উচ্ছেদ নয়: নাছির

পুনর্বাসন ছাড়া হকার উচ্ছেদ না করার প্রতিশ্রুতি দিয়েছেন চট্টগ্রাম সিটি করপোরেশন নির্বাচনে আওয়ামী লীগ-সমর্থিত মেয়র পদপ্রার্থী আ জ ম নাছির উদ্দিন।
গতকাল মঙ্গলবার জহুর হকার্স মার্কেট এলাকায় গণসংযোগের সময় তিনি এ প্রতিশ্রুতি দেন।
গতকাল সকালে আ জ ম নাছির উদ্দিন তাঁর নিজস্ব ওয়ার্ড আন্দরকিল্লায় গণসংযোগ শুরু করেন। কখনো হেঁটে আবার কখনো রিকশায় চড়ে তিনি বিভিন্ন অলিগলিতে গণসংযোগ চালান। একপর্যায়ে তিনি জহুর হকার্স মার্কেট এলাকায় বিভিন্ন শ্রেণি-পেশার মানুষের সঙ্গে কুশল বিনিময় করেন। এ সময় তিনি হাতি মার্কায় ভোট চান।
জহুর হকার্স মার্কেটে গণসংযোগের সময় আ জ ম নাছির উদ্দিন হকারদের উদ্দেশে বলেন, ‘আমি অতীতে আপনাদের বিভিন্ন দুঃসময়ে পাশে ছিলাম। আপনারা আমাকে ভোট দিয়ে নির্বাচিত করলে পুনর্বাসন ছাড়া কাউকে উচ্ছেদ করা হবে না। যদি উচ্ছেদ করতেই হয়, তাহলে হকার নেতাদের সঙ্গে পরামর্শ করে পুনর্বাসনের ব্যবস্থা করা হবে।’ তিনি বলেন, নগরে হকারদের সমস্যা দীর্ঘদিনের। বিভিন্ন সময় বিভিন্ন ব্যক্তি এসব সমস্যা সমাধানের আশ্বাস দিয়ে নির্বাচিত হয়েছিলেন। কিন্তু পরে সব ভুলে গিয়েছেন।
আন্দরকিল্লার পর নাছির ট্রাকে চড়ে গণসংযোগ করতে যান শুলকবহর ওয়ার্ডে। শুলকবহরের নাসিরাবাদ সরকারি কলোনিসহ বিভিন্ন এলাকায় গণসংযোগের পর তিনি শাহ সুফি সৈয়দ আক্রম আলী (রহ.)-এর মাজার জিয়ারত করেন। পরে তিনি জাকির হোসেন সড়ক, হাজি আবদুল হান্নান সড়ক, নয়া শহর, সর্দার বাহাদুর নগর ক্যাম্প, বায়েজিদ সড়ক, রুবি গেট, তুলাতুলিসহ আশপাশের বিভিন্ন এলাকায় গণসংযোগ করেন।
শুলকবহর এলাকার গণসংযোগের সময় আ জ ম নাছির বলেন, ‘আমি আপনাদের সন্তান, আপনাদের ভাই। এবার এসেছি দোয়া চাইতে। আশা করি, আপনারা আমাকে বিমুখ করবেন না। আমি মেয়র নির্বাচিত হলে আগের মতোই আপনাদের পাশে থাকব।